ঋণের দাবিতে ক্ষুদ্র ব্যবসায়ীদের মানববন্ধন

আপডেট : ০৬ জুলাই ২০২০, ২২:২১

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) সংবাদদাতা

করোনার বিপর্যস্ত পরিস্থিতিতে কাজ না থাকায় মানবেতর জীবনযাপন করছেন জেনারেটর, লাইটিং, সাউন্ড খাতের ক্ষুদ্র ব্যবসায়ী ও কর্মচারীরা। বিয়ের অনুষ্ঠান থেকে শুরু করে সব ধরনের সামাজিক অনুষ্ঠান বন্ধ থাকায় তিন মাসেরও বেশি সময় ধরে কর্মহীন এ ব্যবসার সঙ্গে সংশ্লিষ্টরা। করোনা ক্ষতি কাটিয়ে উঠতে আর্থিক প্রণোদনা ও ঋণ সহায়তার দাবিতে দোহারে মানববন্ধন করেছে উপজেলার সংশ্লিষ্ট ব্যবসায়ী ও কর্মচারীরা। গতকাল সোমবার উপজেলার লটাখোলা করম আলীর মোড়ে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এ সময় তারা প্রণোদনা ও ঋণ সহায়তা পেতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ঢাকা-১ আসনের সংসদ সদস্য সালমান এফ রহমানের হস্তক্ষেপ কামনা করেন। উপস্থিত ছিলেন দোহার উপজেলা জেনারেটর, লাইটিং ও সাউন্ড ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি সজল সরকার, সিনিয়র সহসভাপতি সনি গোমেজ, সাধারণ সম্পাদক মো. মোবারক হোসেন, উপদেষ্টা আনসারী খান প্রমুখ।