ডেস্ক রিপোর্ট
করোনা দুর্যোগ মোকাবিলায় দরিদ্রদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণে সরকারের পাশাপাশি বিভিন্ন সংগঠন ও সংস্থাসহ ব্যক্তিপর্যায়েও উদ্যোগ নেওয়া হয়েছে।
গাজীপুরে পুলিশের উদ্যোগে মাস্ক বিতরণ
গাজীপুর প্রতিনিধি
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে জনসাধারণকে মাস্ক ব্যবহারে উদ্বুদ্ধ করতে বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে। এরই অংশ হিসেবে গতকাল চান্দনা চৌরাস্তা মোড়সহ বিভিন্ন স্থানে জিএমপি কমিশনার মো. আনোয়ার হোসেন নানা শ্রেণি পেশার মানুষের মাঝে মাস্ক বিতরণ ও তা ব্যবহারে উদ্বুদ্ধ করেন। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গাছা থানার ওসি মো. ইসমাইল হোসেন জানান, করোনার সংক্রমণ রোধে অন্য দিনের মতো গতকালও জনগণকে সচেতন করতে পুলিশ কমিশনারের নির্দেশে নগরীর শিল্পাঞ্চলসমৃদ্ধ গাছা থানা এলাকার ব্যস্ততম স্থানগুলোতে লিফলেট ও মাস্ক বিতরণ করা হয়।
ধামরাইয়ে স্বেচ্ছাসেবক লীগ নেতা
ধামরাই (ঢাকা) সংবাদদাতা জানান, করোনাকালে মানুষের মাঝে ভিটামিন ‘সি’ সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে গতকাল ধামরাইয়ের কালামপুর বাজার ও আশপাশের এলাকায় পথচারী, রিকশা, ভ্যান ও হ্যালো বাইকচালকসহ নানা পেশার মানুষের মাঝে নিজ উদ্যোগে সহকর্মী ও বন্ধুদের নিয়ে ভিটামিন ‘সি’ ট্যাবলেট ও মাস্ক বিতরণ করেছেন কালামপুর বাজার বণিক সমিতির সভাপতি ও ধামরাই উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি মো. রবিউল করিম।
আড়াইহাজারে ঢেউটিন ও চেক বিতরণ
আড়াইহাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা জানান, উপজেলা পরিষদের হলরুমে গতকাল মানবিক সহায়তার আওতায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ বিভাগের উদ্যোগে দরিদ্রদের মাঝে বিনা মূল্যে ঢেউটিন ও গৃহনির্মাণ মঞ্জুরি অর্থের চেক প্রদান করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মো. সোহাগ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, সংসদ সদস্য আলহাজ নজরুল ইসলাম বাবু। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান মুজাহেদুর রহমান হেলো সরকার, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভুইয়া, সহকারী কমিশনার (ভূমি) মো. উজ্জল হোসন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু সাঈদ মল্লিক প্রমুখ।
রূপগঞ্জে বাংলাদেশ স্কাউটস
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা জানান, রূপগঞ্জে বাংলাদেশ স্কাউটসের পক্ষে হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক ও সাবান বিতরণ করা হয়েছে। রবিবার উপজেলার কাঞ্চন পৌরাঞ্চলে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও জেলা রোভার স্কাউটসের সভাপতি মো. জসীমউদ্দিনের নির্দেশনা মোতাবেক জেলা রোভারের সহযোগিতায় অসচ্ছল রোভার, রিকশা ও অটোরিকশাচালক এবং দরিদ্রদের মাঝে এসব সামগ্রী বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলার রোভার স্কাউটসের সহসভাপতি জাহাঙ্গীর মালুম, সম্পাদক এএসএম মোস্তাফিজুর রহমান প্রমুখ।
সোনারগাঁওয়ে সাবেক শিক্ষার্থী সংগঠন
সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা জানান, সোনারগাঁওয়ের চরাঞ্চল নুনেরটেকের সুবিধাবঞ্চিতদের পাশে দাঁড়িয়েছেন সোনারগাঁও জি আর ইনস্টিটিউশন মডেল স্কুল অ্যান্ড কলেজের ২০০৫ সালের এসএসসি ব্যাচের বন্ধুরা। শনিবার এলাকার গুচ্ছগ্রাম, সবুজ বাগ, রগুনারচর এলাকায় শিশু খাদ্য ও বিশেষজ্ঞ ডাক্তারের মাধ্যমে ওষুধ বিতরণ করেন তারা। এ সময় ২০০৫ ব্যাচ পরিবারের সভাপতি আল মাহমুদ সানির নেতৃত্বে ডা. আমিরুল ইসলাম সজীব, সাদেকুর রহমান, হাসান মেহেদী, নুর মোহাম্মদ, রবিন, মোস্তাক, নজরুল ইসলাম, আজহারুল ইসলাম, আল আমিন, শাহ আলী, আরিফুজ্জামান রিপন প্রমুখ উপস্থিত ছিলেন।
