ইত্তেফাক রিপোর্ট
করোনা মহামারির কারণে রোহিঙ্গাদের প্রত্যাবাসনে নেওয়া উদ্যোগে ভাটা পড়েছে। কিন্তু তা (প্রত্যাবসন) দ্রুত করার চেষ্টা চলছে। রবিবার সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন বা সিআরআই আয়োজিত ‘রোহিঙ্গা রেসপন্স অ্যান্ড কোভিড-১৯’ শীর্ষক এক ভার্চুয়াল আলোচনায় বক্তারা এ কথা জানান। সৌভিক দাস তমালের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, জাতিসংঘ শরণার্থী বিষয়ক সংস্থার বাংলাদেশ প্রতিনিধি স্টিভেন করলিস, শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মাহবুব আলম তালুকদার, স্বেচ্ছাসেবক সুমাইয়া তাসনিম এবং রিলিফ ইন্টারন্যাশনালের স্বেচ্ছাসেবক প্রোগ্রাম থেকে জানি আলম। আলোচনায় রোহিঙ্গা শিবিরে বাইরে থেকে লোক প্রবেশ এবং শিবির থেকে বাইরে যাওয়ার বিষয়টি সীমাবদ্ধ রাখার মাধ্যমে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে সরকার ও সহযোগীদের ভূয়সী প্রশংসা করেন জাতিসংঘ শরণার্থী বিষয়ক সংস্থা বাংলাদেশের প্রতিনিধি স্টিভেন করলিস।
রোহিঙ্গাদের প্রত্যাবাসন প্রসঙ্গে পররাষ্ট্র সচিব জানান, করোনা ভাইরাসের কারণে প্রত্যাবাসনে নেওয়া উদ্যোগগুলোয় কিছুটা ভাটা পড়েছে। কিন্তু তা (প্রত্যাবসন) দ্রুত করার চেষ্টা করছি। এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র সচিব মাসুদ বলেন, সরকারের মূল লক্ষ্য রোহিঙ্গাদের রাখাইনে নিজ জন্মস্থান নিরাপদে প্রত্যাবাসন করা।
