সেই ব্রোকারেজ হাউজের মালিক স্ত্রীসহ গ্রেফতার

আপডেট : ০৬ জুলাই ২০২০, ২২:২৫

ইত্তেফক রিপোর্ট

দেশে করোনা মহামারি শুরু হলে অফিস গুটিয়ে পালিয়ে যাওয়া ক্রেস্ট সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক শহীদ উল্লাহ ধরা পড়েছেন। গতকাল সোমবার লক্ষ্মীপুর ও নোয়াখালী জেলার সীমান্ত এলাকা থেকে তাকে স্ত্রীসহ গ্রেফতার করা হয় বলে জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ডিবির রমনা বিভাগের উপকমিশনার এইচ এম আজিমুল হক বলেন, শেয়ার ও অর্থ আত্মসাতের অভিযোগে ক্রেস্ট সিকিউরিটিজের এমডি মো. শহীদ উল্লাহ ও তার স্ত্রী নিপা সুলতানাকে গ্রেফতার করা হয়েছে।

করোনাকালে ঢাকার পুঁজিবাজারের ব্রোকারেজ হাউজ ক্রেস্ট সিকিউরিটিজ গুটিয়ে এর মালিক শহিদ উল্লাহ সম্প্রতি লাপাত্তা হয়ে যান। এতে বিপাকে পড়েন ব্রোকারেজ হাউজটির মাধ্যমে পুঁজিবাজারে বিনিয়োগকারীরা। সংকটকালে তাদের শেয়ার ও অর্থ আটকে যাওয়ায় উদ্বিগ্ন হয়ে পড়েন তারা। ব্রোকারেজ হাউজটির অধীনে প্রায় ২১ হাজার অ্যাকাউন্ট রয়েছে। তাতে যে শেয়ার রয়েছে, তার বাজারমূল্য ৮২ কোটি টাকার মতো বলে ডিএসই কর্তৃপক্ষ জানিয়েছিল। এরপর দুই বিনিয়োগকারী পল্টন থানায় দুটি মামলা করেন। পুলিশ কর্মকর্তা আজিমুল বলেন, ভুক্তভোগী দুজন মামলায় অভিযোগ করেন, তাদের কাছ থেকে ১ কোটি টাকার বেশি নিয়ে লাপাত্তা হয়েছেন আসামি। ঐ মামলা তদন্ত করছে গোয়েন্দা পুলিশ। গ্রেফতার শহীদ উল্লাহ ও তার স্ত্রীকে ঢাকায় আনা হচ্ছে বলে জানান তিনি।