কাঠের ফ্রেমে টাইলসের দরজা

আপডেট : ০৬ জুলাই ২০২০, ২২:৪১

বাগেরহাটের চিতলমারীতে ভাস্কর্যের জাদুকরখ্যাত, দেশের স্বনামধন্য টেরাকোটা শিল্পী সেলিমুজ্জামান ঠান্ডা মুন্সী এবার কাঠের ফ্রেমে টাইলসের শিল্পকর্মসমৃদ্ধ দরজা তৈরি করে তাক লাগিয়ে দিয়েছেন। ইতিমধ্যে এ অত্যাধুনিক শিল্পকর্মসমৃদ্ধ বিভিন্ন ডিজাইনের দরজার সুনাম ছড়িয়ে পড়েছে দেশের বিভিন্ন স্থানে। বাণিজ্যিকভাবে তৈরি করা এ দরজার চাহিদা প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। ইতিপূর্বে শিল্পী সেলিমুজ্জামান ঠান্ডা বিভিন্ন ধরনের ভাস্কর্য ও টেরাকোটার শিল্পকর্ম তৈরি করে খ্যাতি অর্জন করেছেন। তার শিল্পকর্ম ঢাকা, চট্টগ্রাম, খুলনা, বরিশালসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে প্রতিস্থাপিত হয়েছে।

তার টেরাকোটার শিল্পকর্মের মধ্যে রয়েছে বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ, ৭১-এর গণহত্যা, ৫২-র ভাষা আন্দোলন, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, মাইকেল মধুসূদন দত্ত, তাজমহল, রয়েল বেঙ্গল টাইগার, ধাবমান ঘোড়া, চিত্রা হরিণসহ শতাধিক শিল্পকর্ম। শিল্পকর্ম তৈরির কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকলেও মনের মাধুরী মিশিয়ে দেড় যুগ ধরে তিনি শিল্পকর্ম তৈরি করে যাচ্ছেন। সম্প্রতি তিনি কাঠের ফ্রেমে দৃষ্টিনন্দন টাইলসের শিল্পকর্মসমৃদ্ধ দরজা তৈরি করে শিল্পমনা মানুষদের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছেন।

এ ব্যাপারে শিল্পী সেলিমুজ্জামান ঠান্ডা জানান, তিনি ১৮ বছর ধরে টেরাকোটা ও ভাস্কর্য তৈরি কাজ করে যাচ্ছেন। সম্প্রতি তিনি বাণিজ্যিকভাবে এ অত্যাধুনিক শিল্পকর্মসমৃদ্ধ দরজা তৈরির কাজ শুরু করেছেন।