কানাডার টরন্টোয় নয়ন দাস নামের এক বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু হয়েছে। পুলিশ ১ জুলাই টরন্টোর স্কার্বো থেকে নয়নের লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে এবং মৃত্যুর তদন্ত করছে।
নয়ন দাস ও তার রুমমেট শাকিব কিছুদিন আগে ভ্যাংকুভার থেকে টরন্টোয় আসেন। ঘটনার পর শাকিব আত্মগোপন করেছেন। নয়নের গ্রামের বাড়ি বাগেরহাটের কচুয়া থানার বাধাল গ্রামে। বাবা সঞ্জীবন দাস, মা পূর্ণিমা রানী দাস। নয়ন ২০১৮ সালে ব্রিটিশ কলম্বিয়ায় পড়তে আসেন।
কানাডায় পড়তে আসা বেশ কয়েক জন বাংলাদেশি শিক্ষার্থীর কেউ খুন হয়েছেন, কেউ নিখোঁজ হয়েছেন, আবার কেউ সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। গত কয়েক বছরে কানাডায় বাংলাদেশি ইন্টারন্যাশনাল ছাত্রদের এরকম অপমৃত্যুর সংখ্যা অর্ধডজন ছাড়িয়ে গেছে। নিউ ফাউন্ডল্যান্ডে অপু আকবর, কানাডার সাস্কাচোয়ানে আব্দুল্লাহ আল-মাসুম, অটোয়ায় তৌসিফ চৌধুরী, টরন্টোতে ইকরামুল মিলন, ম্যানিটোবায় মোহাম্মদ ইমরান খান খুন হন। এছাড়া অভিবাসী শিক্ষার্থী ওয়াটারলু বিশ্ববিদ্যালয়ের ছাত্র অম্ব্বর রায় হারিয়ে গেছেন। টরন্টোয় আত্মহননের পথ বেছে নেন ফাহমি রহমান, সাবিত খন্দকার ও সাজ্জাদ হোসেন।
