করোনা ভাইরাসের কারণে গত কয়েক মাস ধরে রপ্তানি কমতির দিকে থাকলেও সদ্যসমাপ্ত জুনে আগের মে মাসের চেয়ে বড় উল্লম্ফন হয়েছে। জুনে আগের মাসের চেয়ে রপ্তানি বেড়েছে প্রায় ৮৫ শতাংশ। অবশ্য গত বছরের জুনের চেয়ে রপ্তানি আড়াই শতাংশ কম হয়েছে। রপ্তানির তুলনায় সাধারণ মাসের সঙ্গে পূর্ববর্তী বছরের একই মাসের কিংবা বছরের সঙ্গে পূর্ববর্তী একই বছরের তুলনা করা হয়। রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য অনুযায়ী, গত মে মাসে রপ্তানি হয়েছিল ১৪৬ কোটি ৫৩ লাখ ডলারের। পরবর্তী মাস জুনে তা বেড়ে দাঁড়িয়েছে ২৭১ কোটি ৪৯ কোটি ডলার। বাংলাদেশ রপ্তানিতে বড় ধস দেখেছে গত এপ্রিলে। আলোচ্য মাসে রপ্তানি হয়েছে মাত্র ৫২ কোটি ডলারের পণ্য।
রপ্তানিকারকরা বলছেন, আগামী মাসগুলোতে রপ্তানি বাড়ার তেমন ইঙ্গিত দেখা যাচ্ছে না। গত জুলাই থেকে জুন পর্যন্ত রপ্তানি আয় কমেছে প্রায় ১৭ শতাংশ। আলোচ্য সময়ে (২০১৯-২০ অর্থবছর) বাংলাদেশের রপ্তানি কমেছে এর আগের অর্থবছরের চেয়ে ৬৮৬ কোটি ডলার। স্থানীয় মুদ্রায় এর পরিমাণ প্রায় ৫৮ হাজার কোটি টাকা। রপ্তানিকারকরা বলছেন, এত বেশি পরিমাণে রপ্তানি কমে যাওয়া বাংলাদেশের ইতিহাসে এই প্রথম।
