দ্রুত বিচার ট্রাইব্যুনালে পরিচালনার জন্য তিন আইনজীবী নিয়োগ

আপডেট : ০৭ জুলাই ২০২০, ০০:৫১

বুয়েটের শিক্ষার্থী আবরার হত্যা মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনাল পরিচালনার জন্য নিয়োগের চিঠি পেয়েছেন তিন আইনজীবী। চিঠিতে অ্যাডভোকেট মোশাররফ হোসেন কাজলকে প্রধান করে রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনার জন্য তিন সদস্যের আইনজীবী প্যানেলের কথা বলা হয়েছে। অপর দুই সদস্য হলেন অ্যাডভোকেট এহসানুল হক সমাজী ও অ্যাডভোকেট আবু আব্দুল্লাহ ভুঁইয়া। তাদের স্পেশাল পাবলিক প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

এ প্রসঙ্গে মোশাররফ হোসেন কাজল ইত্তেফাককে বলেন, ‘মামলাটি অভিযোগ গঠন পর্যায়ে রয়েছে। আসামিরা কারাগারে আছেন। বিচারকের সঙ্গে যোগাযোগ করে এই করোনাকালে মামলাটির বিচার কাজ ভার্চুয়ালি করা যায় কি না, তা নিয়ে আলোচনা করব।’

আইন মন্ত্রণালয় হতে দেওয়া ঐ নিয়োগ চিঠিতে বলা হয়েছে, ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এ বিচারাধীন এই মামলা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য জনস্বার্থে তাদের নিয়োগ দেওয়া হলো। তারা বিধি মোতাবেক সম্মানী ভাতা পাবেন।

বুয়েটের তড়িত্ কৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরার ফাহাদকে গত ৬ অক্টোবর রাতে ছাত্রলীগের একদল নেতাকর্মী নির্মম নির্যাতন করে হত্যা করে। এ ঘটনায় হত্যা মামলা দায়ের করেন আবরারের বাবা। পরে ২৫ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেয় ডিবি পুলিশ।