ভূমধ্যসাগর থেকে ১৮০ জন অভিবাসন প্রত্যাশীকে উদ্ধারের করা চ্যারিটি জাহাজ ওশেন ভাইকিংকে অবশেষে তীরে ভেড়ার অনুমতি দিয়েছে ইতালি। লিবিয়া থেকে সাগরপথে ইতালিগামী ঐ অভিবাসীদের মধ্যে বাংলাদেশি নাগরিকও রয়েছেন। গতকাল সোমবার তাদেরকে সিসিলিতে একটি সরকারি জাহাজে স্থানান্তর করে ১৪ দিনের কোয়ারেন্টাইনে রাখার সিদ্ধান্ত হয়।
বিবিসির এক খবরে বলা হয়েছে, সম্প্রতি লিবিয়া থেকে অবৈধভাবে ইতালি প্রবেশের চেষ্টাকালে ভূমধ্যসাগর থেকে উদ্ধার করা হয় ঐ ১৮০ অভিবাসন প্রত্যাশীকে। মানবিক সহায়তা প্রদানকারী সংগঠন এসওএস মেডিটারেনি পরিচালিত দ্য ওশেন ভাইকিং জাহাজ তাদের ২৫-৩০ জুন চারটি গ্রুপে উদ্ধার করে। তবে জাহাজটিকে তীরে ভেড়ানোর অনুমতি দেওয়া হচ্ছিল না। এক সপ্তাহেরও বেশি সময় পর অভিবাসন প্রত্যাশীদের তীরে নামার অনুমতি দিয়েছে ইতালি। তাদের মধ্যে বাংলাদেশ, পাকিস্তান, ইরিত্রিয়া ও নাইজেরিয়াসহ বিভিন্ন দেশের নাগরিক রয়েছেন। তাদের এক জন ২৭ বছর বয়সি বাংলাদেশি রবিউল বিবিসিকে বলেন, আমরা অনেক খুশি। দীর্ঘপথ পাড়ি দিয়ে এসেছি। পরিবারের লোকজনকে বলতে চাই, আমি এখনো বেঁচে আছি।
