ডিজিএফআইয়ের ভুয়া মেজর গ্রেফতার

আপডেট : ০৭ জুলাই ২০২০, ০৫:২৪

গাজীপুরে সেনাবাহিনীর গোয়েন্দা বিভাগ ডিজিএফআইয়ের মেজর পরিচয়দানকারী এক ব্যক্তিকে সোমবার গ্রেফতার করেছে পুলিশ। তার নাম আপন চৌধুরী। তিনি সাভার থানার হেমায়েতপুর যাদুরচর গ্রামের মজিবুর রহমানের ছেলে।

কোনাবাড়ী থানার ওসি এমদাদ হোসেন জানান, গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী হরিণাচালা এলাকার একটি বাড়িতে বেশ কিছুদিন যাবত্ ভাড়া থাকেন আপন চৌধুরী। তিনি ডিজিএফআইর হেডকোয়ার্টারের মেজর মাসুম পরিচয়ে এলাকার লোকজনকে বিভিন্ন সময়ে ভয়ভীতি দেখিয়ে প্রতারণা করে আসছিলেন।

গত ২৯ জুন তিনি স্থানীয় এক ব্যক্তির মেয়েকে ক্যাডেট কলেজে ভর্তির সুযোগ করে দেওয়ার কথা বলে প্রতারণার মাধ্যমে ১ লাখ টাকা হাতিয়ে নেন। এক পর্যায়ে ভর্তি করতে না পেরে নানা টালবাহানা করতে থাকেন। এ ব্যাপারে ঐ শিক্ষার্থীর বাবা মোসলেহ উদ্দিন কোনাবাড়ী থানায় প্রতারণার অভিযোগে একটি মামলা দায়ের করেন। এর পরিপ্রেক্ষিতে সোমবার সকালে পুলিশ হরিণাচালা এলাকা থেকে চৌধুরীকে গ্রেফতার করে।

ইত্তেফাক/এমআর