বছরের শুরুতে ইতিহাস গড়েছিল বাংলাদেশ যুব দল। বাংলাদেশকে প্রথমবার বিশ্বকাপ জয়ের স্বাদ এনে দেয় আকবর আলীর দল। দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রুমে ভারতকে হারিয়ে আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয় বাংলাদেশের যুবারা। আকবর বাহিনীর এই সাফল্যের নেপথ্যের নায়ক হেড কোচ নাভিদ নেওয়াজ, ট্রেনার রিচার্ড স্টনিয়ার, পেস বোলিং কোচ মাহবুব জাকিসহ দলের সব কোচিং স্টাফ।
বাংলাদেশকে বিশ্বকাপ এনে দেয়ার পুরস্কার পেলেন যুব দলের দুই বিদেশি কোচ। শ্রীলঙ্কান হেড কোচ নাভিদ ও ইংলিশ ট্রেনার স্টনিয়ারের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়িয়েছে বিসিবি। এর মধ্যে নাভিদের সঙ্গে ২০২৩ সাল, স্টনিয়ারের সঙ্গে ২০২২ যুব বিশ্বকাপ পর্যন্ত চুক্তি করেছে বিসিবি। গতকাল বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন।
বিশ্বকাপ জয়ের পরই তাদের সঙ্গে চুক্তি নবায়নের নীতিগত সিদ্ধান্ত নিয়ে রেখেছিল। সম্প্রতি সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করা হয়েছে। গতকাল বিসিবির প্রধান নির্বাহী এই প্রসঙ্গে বলেছেন, ‘আমাদের যুব বিশ্বকাপে যারা কাজ করছে তারা অসাধারণ কাজ করেছে। আমরা তাদের সাথে কাজ চালিয়ে যাব। যুব দলের কোচ ও অন্য স্টাফদের সঙ্গে চুক্তি বাড়ানোর সিদ্ধান্ত আগেই নীতিগতভাবে নিয়ে রেখেছিলাম। এখন এটা আনুষ্ঠানিকভাবে হয়েছে। তাদের সঙ্গে চুক্তি ২০২২ পর্যন্ত বাড়ানো হয়েছে। তারা দুর্দান্ত কাজ করেছে। বিশ্বকাপের মতো একটা ট্রফি এনে দিয়েছে বাংলাদেশ ক্রিকেটকে। সবাইকে রাখার প্ল্যান ছিল আমাদের। যার অংশ হিসেবেই তাদের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ানো হয়েছে। রিচার্ড স্টনিয়ার ও হেড কোচ নাভিদ নেওয়াজ দুই জনেরটাই বাড়ানো হয়েছে।’
বিসিবির সবুজ সংকেত পেয়েই সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামে চুক্তি নবায়নের ঘোষণা দিয়েছেন স্টনিয়ার। তিনি লিখেছেন, ‘আজ আমি নিশ্চিত করে বলতে পারছি ২০২২ সাল পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে থাকছি। স্বপ্ন সত্যি হয়, মাঠে ফিরতে এবং ভবিষ্যত্ তারকাদের সাহায্য করতে মুখিয়ে আছি।’
আকবর ফিটনেস নিয়ে দুর্দান্ত কাজ করে, দলকে উজ্জীবিত করা, ভাঙা ভাঙা বাংলায় ডাগআউটে বসে গলা ফাটানো স্টনিয়ার কোটি ক্রিকেটপ্রেমীর মন জয় করেছেন।
