লড়াইয়ে ফিরতে চায় বার্সেলোনা

আপডেট : ০৭ জুলাই ২০২০, ২১:২২

লা লিগা জয়ের স্বপ্ন ক্রমশ ফিকে হয়ে আসছে বার্সেলোনার। তবে কাগজে কলমে এখনো কাতালানদের সুযোগ আছে। আর সেই ‘সুযোগ’ এই নজর ক্লাব। লড়াইয়ে ফিরতে মরিয়া ক্লাবটি।

সেই ফেরার লড়াইয়ে আজ তাদের প্রতিপক্ষ এস্প্যানিওল। এস্প্যানিওল চলতি আসরে পয়েন্ট টেবিলের সবচেয়ে নিচে থাকা দল। হেরেছে শেষ পাঁচটি ম্যাচের সবগুলোতে। আর শক্তিমত্তার বিবেচনায়ও বার্সেলোনা তাদের চেয়ে হাজার গুণ এগিয়ে।

পয়েন্ট তালিকায় শীর্ষে আছে রিয়াল মাদ্রিদ। রিয়াল ও বার্সা—দুই দলই সমান ৩৪টি করে ম্যাচ খেলেছে। কিন্তু রিয়ালের পয়েন্ট ৭৭ আর বার্সার ৭৩। দুই দলেরই আর চারটা করে ম্যাচ বাকি। এই ৪ পয়েন্টের ব্যবধান ঘুচিয়ে শিরোপার স্বপ্ন অক্ষুণ্ন রাখতে চায় ক্লাবটি।

কোচ কিকে সেতিয়েন লিগের শীর্ষে ফেরার প্রত্যয় ব্যক্ত করলেন। তিনি বলেন, ‘এখন আমরা একটু পিছিয়ে আছি সত্যি। তবে সুযোগ শেষ হয়ে যায়নি। কাগজে-কলমে লিগ জয় এখনো সম্ভব। আমরা সেদিকেই লক্ষ রাখছি। এখন আমাদের ম্যাচ ধরে ধরে এগোতে হবে। প্রতিটা ম্যাচের গুরুত্ব আমরা জানি।’

শিরোপা ধরে রাখতে বার্সেলোনার বাকি ম্যাচগুলো শুধু জিতলেই হবে না, প্রার্থনা করতে হবে রিয়ালের ছন্দপতনেরও। সেতিয়েন অবশ্য কেবল নিজেদের পারফরম্যান্স নিয়েই ভাবছেন। বললেন, ‘অন্যের দিকে তাকিয়ে থাকার সময় এটা নয়। এখন আমাদের পুরো মনোযোগ নিজেদের খেলার ওপর থাকা উচিত। আমরা করছিও সেটাই। নিজেদের পারফরম্যান্সটা ঠিক রাখতে হবে। আমাদের জয় লাগবে। বাকিটা নিয়তির ওপর ছেড়ে দিতে হবে।’