আরো অপেক্ষার পক্ষে সৌরভ

আপডেট : ০৭ জুলাই ২০২০, ২১:২৩

ভারতীয় বোর্ডের আয়োজনে ওপেনার মায়াঙ্ক আগারওয়ালের সঙ্গে সৌরভের অনলাইন আড্ডায় উঠে এলো ভারতের করোনা ভাইরাস পরিস্থিতি। সৌরভ বুঝিয়ে দিলেন, সহসাই ক্রিকেট ফিরছে না ভারতে, ‘আমার মনে হয়, আগামী দুই-তিন মাস কিছুটা কঠিন হবে। আমাদের সহ্য করে নিতেই হবে। এই বছরের শেষ বা আগামী বছরের শুরু নাগাদ হয়তো আমরা স্বাভাবিক জীবনে ফিরতে পারব।’

তবে ক্রিকেট শুরু হলেও করোনা ভাইরাসের টিকা না আসা পর্যন্ত সতর্ক থাকতেই হবে, অভিমত সৌরভের, ‘টিকা না আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। সে পর্যন্ত অবশ্যই আমাদের সতর্ক থাকতে হবে। সবাই জানি, কী হচ্ছে এবং আমরা চাই না অসুস্থ হতে। টিকা চলে এলে আর সব অসুখের মতোই হয়ে যাবে এটা, সব তখন ঠিক হয়ে যাবে।’

ব্যাটিংয়ে বিভিন্ন সময় পরিস্থিতি বুঝে খেলতে হয়, এখনকার বাস্তবতায়ও সেভাবে লড়াই করতে বললেন সৌরভ, ‘এটা ব্যাটিংয়ের কৌশলের মতোই, সব পিচে একই রকম থাকলে চলে না। মন্থর উইকেটে এক রকম খেলতে হয়, টার্নিং উইকেটে আরেক রকম, নিষ্প্রাণ উইকেটে অন্য রকম। কোভিড এখন যে পর্যায়ে আছে, আমাদের এখন উদ্ধার হতে হবে।’

সৌরভের মন্তব্যের পর এ বছর ভারতে আইপিএল হওয়ার সম্ভাবনা কমে এলো অনেকটাই। ভারতীয় বোর্ড যদিও সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত সম্ভাব্য সময় ধরে রেখেছে টুর্নামেন্ট আয়োজনে। তবে ভারতীয় সংবাদমাধ্যমের খবর, দেশের বাইরে হতে পারে এবারের আসর। শ্রীলঙ্কা, সংযুক্ত আরব আমিরাতের নাম তো আলোচনায় আছেই আগে থেকে, সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, আইপিএল আয়োজনে আগ্রহী নিউজিল্যান্ডও।