ক্যারিবীয় কিংবদন্তি কোর্টনি ওয়ালশ ৫০০ টেস্ট উইকেট নিয়েছিলেন। তার সঙ্গী কার্টলি অ্যাম্ব্রোস নিয়েছিলেন ৪০০ উইকেট। কিন্তু গত ২৬ বছরে আর কোনো ক্যারিবিয়ান বোলার স্বাদ পাননি ২০০ ছোঁয়ার।
অবশেষে আর সাতটি উইকেট হলে ২০০ উইকেট হবে কেমার রোচের। রোচকে দিয়ে ক্যারিবিয়ান ক্রিকেটের দীর্ঘ খরা কাটতে যাচ্ছে, এমন সম্ভাবনায় ওয়ালশ বেশ উচ্ছ্বসিত, ‘দুর্দান্ত এক মাইলফলক এটি। আরেকজন ওয়েস্ট ইন্ডিয়ানকে এই বন্ধনীতে (২০০ টেস্ট উইকেট) পাওয়া দারুণ ব্যাপার। কেমার সবসময়ই আমার বন্ধু, আমি ওর জন্য খুব খুশি। ওর মাইলফলকের অপেক্ষায় তর সইছে না আমার। আশা করি, খুব বেশি সময় লাগবে না ওর এই পথটুকু যেতে। সিরিজের প্রথম টেস্টেই যদি করে ফেলতে পারে, তাহলে দারুণ হবে। কারণ এরপর ও নির্ভার থেকে টেস্ট সিরিজ উপভোগ করতে পারবে।’
সপ্তাহখানেক আগেই ৩২ বছর পূর্ণ করেছেন রোচ। ওয়ালশের মতে, ৫৬ টেস্ট খেলা রোচ এখন আগের চেয়ে অনেক পরিণত, ‘সে এমন একটা পর্যায়ে পৌঁছেছে, যেখানে সে নিজের খেলাটা বোঝে, জানে কী করতে চায় এবং কীভাবে এগোতে হয়। যেদিন এটা কাজে লাগে, সেদিন ফল মেলে। এখন সে জানে, কীভাবে একজন ব্যাটসম্যানকে ফাঁদে ফেলার জন্য তৈরি করতে হয়। ওর ধৈর্য এখন অনেক অনেক ভালো।’
