টোকিও অলিম্পিকে প্রতিদ্বন্দ্বিতা নিশ্চিত করা বাংলাদেশের আর্চার রোমান সানা বিশ্ব আর্চারি ফাউন্ডেশন থেকে ৫ হাজার ডলার সাহায্য পাচ্ছেন। তার আবেদনের পরিপ্রেক্ষিতে ও শর্তসাপেক্ষে এ অনুদান পাচ্ছেন তিনি। করোনা মহামারির এই সময়ে সারা বিশ্ব থেকে ১২২ জন আর্চার আবেদন করেন বলে জানা গেছে। এদের মধ্য থেকে যাচাইবাছাই শেষে ১৯ দেশের ৩৫ জন আর্চারকে অনুদান দেওয়ার সিদ্ধান্ত নেয় সংস্থাটি। খুব শিগগিরই এ টাকা রোমান সানার ব্যাংক অ্যাকাউন্টে আসবে। বাংলাদেশ আর্চারি ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজিবউদ্দিন আহমেদ চপল জানান, বিশ্ব আর্চারি সংস্থা এ ব্যাপারে তাদের সদস্যভুক্ত সব দেশকে প্রতিভাবান আর্চারদের নাম পাঠাতে বলেছিল। তারা রোমান সানার নাম পাঠান। এ ব্যাপারে বাংলাদেশের জার্মান কোচ মার্টিন ফ্রেডরিকও অনেক সহায়তা করেছেন বলে উল্লেখ করেন চপল। তবে রোমান সানাকে অনুদানের অর্থের ৮০ শতাংশ খরচ করতে হবে আর্চারি-সংশ্লিষ্ট কাজে।
