করোনার প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় তাজমহল খুলে দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে এসেছে ভারত। এছাড়া আগ্রার কেল্লা ও সম্রাট আকবরের সমাধিও খুলছে না আপাতত। ব্রিটিশ সংবামমাধ্যম বিবিসি জানিয়েছে, এসব স্থান খুলে দেওয়ার তারিখ পরবর্তীতে ঘোষণা দেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
গত ১৭ মার্চ করোনা ভাইরাসের প্রকোপ ঠেকাতে তাজমহলসহ সব দর্শনীয় স্থান বন্ধের ঘোষণা দেওয়া হয়। রবিবার থেকে তাজমহল পর্যটকদের জন্য খুলে দেওয়ার কথা ছিল। তবে সেই সিদ্ধান্ত স্থগিত হয়ে গেছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা মনে করছেন তাজমহল দর্শনে এই করোনা পরিস্থিতিতে দূর-দূরান্তের পর্যটক যাবে না। গেলে যাবেন আশপাশ এলাকা থেকেই। তাজমহল দেখতে এমনিতেই দিল্লি থেকে মানুষ বেশি যান। আর দিল্লি এখন করোনার আঁতুড় ঘরে পরিণত হয়েছে। সেখান থেকে পর্যটকরা আগ্রায় ঢুকতে শুরু করলে আরো বেশি করে করোনা ছড়ানোর একটা কারণ হতে পারে বলে মনে করছেন কর্মকর্তারা।
