দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় নিহত হাজীগঞ্জের মহসিন রাজা সুমনের (২৮) বাড়িতে চলছে শোকের মাতম। সুমন উপজেলার গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের মিয়া বাড়ির কারি মোখলেছুর রহমানের ছোট ছেলে। রবিবার রাতে (বাংলাদেশ সময় রাত ৮টা) দক্ষিণ আফ্রিকার ন্যাশনাল হাইওয়ে (এন-৬) সড়কে সুমন ও তার বন্ধু মান্নান (২৯) দুর্ঘটনার শিকার হন। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। তবে মান্নানের ঠিকানা পাওয়া যায়নি। জানা গেছে, দক্ষিণ আফ্রিকার ন্যাশনাল হাইওয়ে (এন-৬) সড়কে সুমনসহ তার বন্ধু দুর্ঘটনার শিকার হন। গতকাল সোমবার সুমনের গ্রামের বাড়িতে গিয়ে দেখা যায় কান্নার রোল। বৃদ্ধ বাবা কারি মোখলেছুর রহমান ও মা খোদেজা বেগম বারবার জ্ঞান হারাচ্ছেন। বড় ভাই জয়নাল আবেদীন ও মেঝো ভাই মোস্তফা মিয়া অঝোরে কাঁদছেন। নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, সুমন পরিবারের ছোট ছেলে। তিনি ২০০৬ সালে সাউথ আফ্রিকায় গিয়েছিলেন। তিনি সেখানে ব্যবসা করতেন। রবিবার সুমন তার বন্ধু মান্নানসহ প্রাইভেটকারযোগে বাসায় ফেরার পথে অপর একটি প্রাইভেটকারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
