নুরুজ্জামান জোয়ার্দার
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সৈয়দপুর উপজেলা কমিটির সভাপতি ও সৈয়দপুর শিল্প-সাহিত্য সংসদের সদস্য মুক্তিযোদ্ধা প্রকৌশলী নুরুজ্জামান জোয়ার্দার (৭৫) গতকাল মঙ্গলবার চাঁদনগর বাসায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। তিনি এক ছেলে রেখে গেছেন। সৈয়দপুর রেলওয়ে মাঠে জানাজা শেষে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় হাতিখানা কবরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে সৈয়দপুর পৌরসভার মেয়র ও শিল্প-সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. আমজাদ হোসেন সরকার শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
গিয়াস উদ্দিন
নকলা উপজেলার বিহারিপাড় গ্রামের মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিনকে গতকাল মঙ্গলবার বিহারিপাড় কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মুক্তিযোদ্ধা আলহাজ আবুল মনসুর আহমেদ, নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলমগীর হোসেন শাহ ও ইউপি চেয়ারম্যান শামছুর রহমান আবুল প্রমুখ উপস্থিত ছিলেন।
মো. শাহজাহান সরকার
মতলব দক্ষিণ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মুক্তিযোদ্ধা মো. শাহজাহান সরকার (৭৫) গতকাল মঙ্গলবার ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী ও তিন ছেলে রেখে গেছেন। বাদ জোহর মতলব বাজার শাহী জামে মসজিদে প্রথম জানাজা শেষে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। তার মৃত্যুতে শোক জানিয়েছেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ অ্যাডভোকেট নুরুল আমিন রুহুল।
