সংযোগ সড়কের অভাবে কাজে আসছে না সেতু

আপডেট : ০৭ জুলাই ২০২০, ২১:৫৪

সংযোগ সড়ক নির্মাণ না করায় সারিয়াকান্দির চন্দনবাইশা ইউনিয়নের ঘুঘুমারী মানাস খালের ওপর নির্মিত সেতুটি গ্রামবাসীর কাজে আসছে না। ‘বৃহত্তর বগুড়া ও দিনাজপুর জেলা ক্ষুদ্র সেচ উন্নয়ন প্রকল্পের’ আওতায় বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) সেতুটি (মাঝারি হাইড্রোলিক ট্রাকচার) নির্মাণ করে। উপজেলার ঘুঘুমারী, শেখপাড়া, বেগপাড়া, রৌহাদহ ও কড়িতলা গ্রামের কয়েক হাজার মানুষের বিভিন্ন জায়গা ও হাটবাজারে যাতায়াতে ঐ সেতু গুরুত্বপূর্ণ। কিন্তু সংযোগ সড়ক না থাকায় সেতুর ওপর দিয়ে যাতায়াত করা যায় না। ফলে গ্রামবাসীকে দুর্ভোগ পোহাতে হচ্ছে।  বিএডিসির উপসহকারী প্রকৌশলী (নির্মাণ) মোহেমুল ইসলাম জানান, চন্দনবাইশা ইউপি চেয়ারম্যান বিভিন্ন প্রকল্পের বরাদ্দ থেকে ঐ সেতুর সংযোগ সড়ক নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছিলেন। তাই আমরা শুধু ট্রাকচার (সেতু) নির্মাণ করে দিয়েছি। বিএডিসি বগুড়ার নির্বাহী প্রকৌশলী মনিরুল ইসলাম বলেন, আমাদের এস্টিমেটে সংযোগ সড়ক ধরা হয়নি।  এদিকে চন্দনবাইশা ইউপি চেয়ারম্যান সাহাদত্ হোসেন দুলাল বলেন, কোন সংস্থা সেতু নির্মাণ করেছে জানা নেই। কখনো কোনো কর্মকর্তা আমার সঙ্গে যোগাযোগ করেননি।