নওগাঁর রানীনগর উপজেলা সদরের সিম্বা খালে সেতু নির্মাণের এক বছর পরও রাস্তা নির্মাণ করা হয়নি। ফলে খালপাড়ের মানুষের চলাচলে এটি কোনো কাজে আসছে না। সিম্বা খালের দুপাড়ের বাসিন্দাদের বহুদিনের দাবির পরিপ্রেক্ষিতে নির্মাণ করা হয়। ২০১৮-১৯ অর্থবছরে ত্রাণ ও পুনর্বাসন অধিদপ্তরের সেতু/কালভার্ট নির্মাণ কর্মসূচির অর্থায়নে সেতুটির নির্মাণকাজ বাস্তবায়ন করে রানীনগর উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের ত্রাণ শাখা। একই সময়ে আবাদপুকুর-রানীনগর সড়ক থেকে সিম্বা গ্রাম পর্যন্ত সংযোগ সড়ক নির্মাণের কথা। কিন্তু সেতু নির্মাণের এক বছর পরও ঐ সংযোগ রাস্তা তৈরির উদ্যোগ নেওয়া হয়নি। এদিকে বিকল্প পথে চলাচলে লোকজনকে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে। তাই দ্রুত আবাদপুকুর সড়ক থেকে সিম্বা গ্রাম পর্যন্ত সংযোগ সড়ক নির্মাণ করা প্রয়োজন। এ ব্যাপারে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আর্কষণ করছি।
সাকলাইন লেনিন, আদমদীঘি, বগুড়া
