রেলপথ মন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন জানিয়েছেন, ঈদুল আজহায় বাংলাদেশ রেলওয়ে কোরবানির পশু পরিবহন করবে। গতকাল রেলভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। তিনি বলেন, প্রচলিত ভাড়ায় উত্তরাঞ্চল ও পশ্চিমাঞ্চল থেকে ঢাকা ও চট্টগ্রামে কোরবানির পশু পরিবহনের পরিকল্পনা করা হয়েছে। এ ক্ষেত্রে প্রাণিসম্পদ অধিদফতর ও সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে সম্ভাব্য দিন-তারিখ, রুট ও স্টেশন নির্ধারণ করা হবে। তিনি জানান, গাইবান্ধা বা পাবনা ও কুষ্টিয়া থেকে চট্টগ্রামে নেওয়ার ক্ষেত্রে প্রতিটি গরুর ভাড়া সর্বোচ্চ ২ হাজার ৫০০ এবং ঢাকায় নেওয়ার ভাড়া ১ হাজার ৫০০ থেকে ২ হাজার টাকা হতে পারে। আগ্রহী ব্যবসায়ীদের রেলওয়ের কন্ট্রোল রুমের নম্বরে (০১৭১১-৬৯১৫২০) যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।
