এবার বন্যায় ডুবল উহান

আপডেট : ০৭ জুলাই ২০২০, ২২:৫৩

বিশ্বের করোনা ভাইরাসের কেন্দ্রবিন্দু চীনের উহানের নাম গোটা বিশ্বের মানুষ কোনো দিন ভুলতে পারবে না। কারণ, বর্তমান দুনিয়ায় আতঙ্ক সৃষ্টি করা করোনা ভাইরাসের উত্পত্তিস্থল ঐ উহান। সেখান থেকেই ভাইরাসটি বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে। কিন্তু করোনার থাবার ক্ষত কাটিয়ে উঠতে না উঠতেই সেখানকার মানুষ এবার বন্যার পানিতে হাবুডুবু খাচ্ছে। প্রবল বৃষ্টি ও পাহাড়ি ঢলে পানিতে তলিয়ে গেলে বিস্তীর্ণ এলাকা।

শহরেও ঠিকমতো চলাচল করার উপায় নেই। সেখানকার মানুষের কাছে চলতি বছর তাই রীতিমতো ‘অভিশপ্ত বছর’ হিসেবে হাজির হয়েছে। সেখানকার লোকজন করোনার আতঙ্ক থেকে আপাতত মুক্তি পেলেও বন্যার কারণে ভয়াবহ ক্ষতির সম্মুখীন হচ্ছেন। ইতিমধ্যে ১২১ জনের মৃত্যু হয়েছে পানিতে ডুবে অথবা বাড়িঘর ভেঙে। শহরের রাস্তাঘাট পানিতে তলিয়ে আছে। কোথাও কোথাও ‘ডুবসাঁতার’ দিয়ে কোনোমতে চলছে যানবাহন। চীনা সামাজিক যোগাযোগের মাধ্যমে ইতিমধ্যে ‘অভিশপ্ত উহান’ হ্যাশটাগ ছড়িয়ে পড়েছে। তারা বলছেন, একটা বিপদ থেকে কাটিয়ে উঠতে না উঠতে আরেক বিপদে পতিত হচ্ছে সেখানকার মানুষ। এর পরের বিপদ কি হতে পারে সেটা নিয়েই চলছে জল্পনাকল্পনা। —এনডিটিভি