চীনের সোশ্যাল মিডিয়া অ্যাপ নিষিদ্ধের চিন্তা যুক্তরাষ্ট্রের :পম্পেও

আপডেট : ০৭ জুলাই ২০২০, ২২:৫৪

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেছেন, টিকটকসহ বেশ কয়েকটি চীনা সোশ্যাল মিডিয়া অ্যাপ নিষিদ্ধের চিন্তা করছে যুক্তরাষ্ট্র। মার্কিন টিভি চ্যানেল ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাত্কারে সোমবার এ কথা জানান মাইক পম্পেও। চীনের ‘বাইটড্যান্স’ সংস্থার সোশ্যাল মিডিয়া ভিডিও অ্যাপ টিকটকসহ ৫৯টি চীনা অ্যাপ ইতিমধ্যে নিষিদ্ধ করা হয়েছে ভারতে। খবর রয়টার্সের

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প কিছু ঘোষণা করার আগেই আমি কিছু বলতে চাই না। তবে আমরা অবশ্যই বেশ কয়েকটি চীনা সোশ্যাল মিডিয়া অ্যাপ নিষিদ্ধ করার কথা ভাবছি।’ যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের বাণিজ্যযুদ্ধ, করোনা পরিস্থিতি এবং হংকং নিয়ে বেইজিংয়ের সাম্প্রতিক পদক্ষেপে দুই দেশের মধ্যে সম্পর্ক ফের তিক্ত হয়ে উঠেছে। টিকটক যেভাবে গ্রাহকদের যাবতীয় ব্যক্তিগত তথ্যাদির ওপর নজরদারি করে, তাতে কিছুদিন ধরেই উদ্বেগ প্রকাশ করে চলেছেন মার্কিন সিনেটর ও প্রতিনিধি পরিষদের সদস্যরা। এর মাধ্যমে তারা আমেরিকার জাতীয় স্বার্থ ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা করছেন। এদিকে টিকটক হংকং থেকেও তাদের অফিস সরিয়ে নিচ্ছে।