পলিটেকনিকে ভর্তিতে বয়সের বাধা তুলে দেওয়ার সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সঙ্গে দেখা করেছেন ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের নেতারা। একই সঙ্গে পলিটেকনিকে ভর্তির ক্ষেত্রে জিপিএ না কমাতে অনুরোধ করেছেন সংগঠনের নেতারা। শিক্ষামন্ত্রী নেতৃবৃন্দের দাবি বিবেচনার আশ্বাস দেন। পলিটেকনিক ইনস্টিটিউটে ডিপ্লোমা কোর্সে ভর্তির ক্ষেত্রে কোনো রকমের বয়সের সীমাবদ্ধতা থাকবে না।
এছাড়া ডিপ্লোমা কোর্সে ভর্তির ক্ষেত্রে ছেলেদের ক্ষেত্রে ন্যূনতম যোগ্যতা জিপিএ ৩ দশমিক ৫ থেকে কমিয়ে ২ দশমিক ৫, মেয়েদের ক্ষেত্রে জিপিএ ৩ থেকে কমিয়ে ২ দশমিক ২৫ করার সিদ্ধান্ত নেয় শিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের এই সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র আপত্তি জানিয়ে আসছে কারিগরি সেক্টরের বিভিন্ন সংগঠন।
গতকাল এ বিষয়ে আপত্তি জানাতেই মন্ত্রীর সঙ্গে বৈঠক করে সংগঠনটির নেতারা। এ সময় উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের নবনিযুক্ত সচিব মোহাম্মদ আমিনুল ইসলাম খান, ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের সভাপতি মো. সিরাজুল ইসলাম এবং ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের সাধারণ সম্পাদক মো. জাফর আলী সিকদার প্রমুখ।
