রাজনৈতিক দলের নিবন্ধন আইনে মতামত দিতে সময় চেয়েছে আওয়ামী লীগ

আপডেট : ০৮ জুলাই ২০২০, ০১:০৫

রাজনৈতিক দলসমূহের নিবন্ধন আইনের ওপর মতামত দিতে এক মাসের সময় চেয়ে নির্বাচন কমিশনে (ইসি) আবেদন করেছে আওয়ামী লীগ। আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া বলেন, যেহেতু রাজনৈতিক দলসমূহের নিবন্ধন আইনের ওপর মতামতের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, এজন্য দলের অভ্যন্তরে বিভিন্ন পর্যায়ে আলাপ-আলোচনার প্রয়োজন রয়েছে। বর্তমানের প্যানডেমিক পরিস্থিতি ভালো হলে দলের পক্ষ থেকে প্রতিনিধিদল গিয়ে এ বিষয়ে মতামত দেবে। এজন্য এক মাস সময় বৃদ্ধির আবেদন করা হয়েছে। তিনি বলেন, আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরামর্শে দলের বিজ্ঞ নেতাদের আলাপ-আলোচনার ভিত্তিতে যথাযোগ্য প্রতিনিধিদলের মাধ্যমে মতামত দেওয়া হবে।

গতকাল মঙ্গলবার ইসি আবেদনপ্রাপ্তির কপি পাঠিয়েছে। আওয়ামী লীগের পক্ষ থেকে দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক চিঠিতে সোমবার সময় বৃদ্ধির আবেদন করা হয়। নির্বাচন কমিশনে দেওয়া চিঠিতে আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয়েছে, উপযুক্তবিষয়ক সূত্রের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে নির্বাচন কমিশন বাংলাদেশ নির্বাচন-সংশ্লিষ্ট যেসব আইন রয়েছে তার মৌলিক বিধানাবলি অক্ষুণ্ন রেখে ইংরেজির পরিবর্তে বাংলা ভাষায় প্রণয়নের উদ্যোগ গ্রহণ করেছে। এর অংশ হিসেবে রাজনৈতিক দলসমূহের নিবন্ধন সম্পর্কিত গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ, ১৯৭২-এর বিধানাবলি উক্ত আইনে না রেখে রাজনৈতিক দলসমূহের নিবন্ধন আইন, ২০২০ নামে আলাদা আইন প্রণয়নের প্রস্তাব করা হয়েছে।

চিঠিতে আরো বলা হয়েছে, কমিশন থেকে উক্ত আইনের ওপর মতামত দিতে রাজনৈতিক দলসমূহকে ১৫ দিনের সময় দেওয়া হয়। বাংলাদেশ আওয়ামী লীগ মনে করে, এ আইনের ওপর মতামতের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। দলীয় মতামতের বিষয়টি চূড়ান্ত করতে দলের অভ্যন্তরে একাধিক ফোরামে এ বিষয়ে আলাপ-আলোচনার প্রয়োজন রয়েছে। এছাড়া দেশের প্যানডেমিক পরিস্থিতি বিবেচনায় এ ধরনের একটি মৌলিক আইনের ওপর মতামত দিতে স্টেকহোল্ডারদের মাত্র ১৫ দিনের সময় দেওয়া হয়েছে, যা একেবারে অপ্রতুল। আমরা মনে করি, এই খসড়ার ওপর মতামত প্রদানের সময়সীমা আরো এক মাস বাড়ানো প্রয়োজন। এমতাবস্থায় উল্লেখিত আইনের খসড়ার ওপর বাংলাদেশ আওয়ামী লীগের মতামত প্রদানের জন্য আরো এক মাস সময় বর্ধিত করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি।