পশ্চিমবঙ্গের করোনা সংক্রমিত এলাকাগুলোতে ফের লকডাউন

আপডেট : ০৮ জুলাই ২০২০, ০৮:৩১

পশ্চিমবঙ্গে করোনা সংক্রমণ বেড়েই চলেছে। রাজ্যে করোনায় মৃতদের মধ্যে ৫৫ শতাংশই কলকাতার বাসিন্দা। এ রকম পরিস্থিতিতে ফের সংক্রমিত এলাকাগুলোতে (কনটেনমেন্ট জোন) লকডাউন করার সিদ্ধান্ত নিল পশ্চিমবঙ্গ সরকার।

আগামী বৃহস্পতিবার বিকাল ৫টা থেকে ঐ এলাকাগুলোতে ১৪ দিনের জন্য লকডাউন কার্যকর হবে। ঐসব এলাকার লোক বাইরে বের হতে পারবেন না। চলবে না কোনো যানবাহনও। বন্ধ থাকবে দোকান, বাজার।

ইতিমধ্যেই পশ্চিমবঙ্গে ২২ হাজার ১২৬ জন আক্রান্ত হয়েছেন। এর মধ্যে কলকাতায় ৭ হাজার ৩৮৯ জন। মৃত্যু হয়েছে ৭৭৯ জনের। এর মধ্যে কলকাতায় ৪২৮ জন। কলকাতার পাশাপাশি সবচেয়ে বেশি সংক্রমণ ও সংলগ্ন হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনা জেলায়। পাশাপাশি নতুন করে সংক্রমণ ছড়াচ্ছে উত্তর বঙ্গের জেলাগুলোতে।

উল্লেখ্য, পশ্চিমবঙ্গে করোনা সংক্রমণ বাড়তে থাকায় গত সোমবার থেকেই গুজরাটসহ চার রাজ্য থেকে বিমান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। বিভিন্ন এলাকায় চলাচল ফের সীমাবদ্ধ করা হচ্ছে।

ইত্তেফাক/এমআর