ইরাকের শীর্ষ নিরাপত্তা ও রাজনৈতিক ভাষ্যকার হিশাম আল-হাশেমি রাজধানী বাগদাদে বন্দুকধারীর গুলিতে নিহত হয়েছেন। দেশটির নিরাপত্তা কর্মীরা এ তথ্য জানান।
প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার বাগদাদের জিয়োনা জেলায় নিজ বাসভবনের সামনে হিশাম আল-হাশেমির ওপর অতর্কিতে গুলি চালায় অজ্ঞাত বন্দুকধারীরা। পরবর্তীতে হাসপাতালে তাকে মৃত ঘোষণা করা হয়।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মিডিয়া বিভাগের প্রধান সাদ মান বলেন, হ্যাঁ তিনি মারা গেছেন এবং তার লাশ হাসপাতালের ফ্রিজে রাখা হয়েছে।
এই হত্যাকাণ্ডের এক তদন্তকারী বার্তা সংস্থা এএফপি'কে বলেন, হাশেমি বাড়ি থেকে হেঁটে এসে তার গাড়িতে উঠছিলেন এসময় তিন বন্দুকধারী দুই মোটরসাইকেলে করে কয়েক মিটার দূর থেকে তার উপর গুলি চালায়।
এই হামলার দায় এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি। তবে খবরে বলা হয়েছে, হিশাম আল-হাশেমি ইরান সমর্থিত মিলিশিয়া দ্বারা জীবন নাশের হুমকি পেয়ে আসছিলেন। এছাড়া কয়েক সপ্তাহ আগে হুমকি পাওয়ার কথা স্বীকার করেন হাশেমি।
এদিকে ইরাকের প্রধানমন্ত্রী এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে, সেইসঙ্গে হামলাকারীদের গ্রেফতার করে দ্রুত বিচারের অঙ্গীকার করেছেন। বিবিসি, আল জাজিরা।
ইত্তেফাক/এসআর
