শান্ত-মারিয়াম ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের নতুন চেয়ারম্যান চিত্রশিল্পী মোস্তাফিজুল হক

আপডেট : ০৮ জুলাই ২০২০, ২০:৪৩

দেশের প্রথম ক্রিয়েটিভ বিশ্ববিদ্যালয় শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. ইমামুল কবীর শান্ত গত ৩০ মে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। তার মহাপ্রয়াণে বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের গত ১৮ জুনের সভায় প্রয়াত চেয়ারম্যানের আত্মার মাগফিরাত কামনা করে শোক প্রস্তাব গৃহীত হয়। উক্ত সভায় সর্বসম্মতিক্রমে বোর্ড অব ট্রাস্টিজের সম্মানীত সদস্য অধ্যাপক মোস্তাফিজুল হককে নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব অর্পণ করা হয়।

দেশবরেণ্য চিত্রশিল্পী, বিশিষ্ট শিশু চিত্রশিল্প বিশেষজ্ঞ ও সফল সংগঠক অধ্যাপক মোস্তাফিজুল হক। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ড্রইং অ্যান্ড পেইন্টিং বিভাগের সিনিয়র অধ্যাপক। তিনি তত্কালীন ঢাকা আর্ট কলেজ থেকে পাশ করে জাপানে চিত্রশিল্পের ওপর উচ্চতর শিক্ষা গ্রহণ করেন।

মোস্তাফিজুল হক বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠালগ্ন থেকে প্রয়াত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. ইমামুল কবীর শান্তর সহযোদ্ধা হিসেবে অক্লান্ত পরিশ্রম করে প্রতিষ্ঠা করেন শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি। তিনি গুণগতমানসম্পন্ন জাতি বিনির্মাণে কর্মমুখী ও সৃজনশীল শিক্ষা এবং একইসঙ্গে ভাষা ও সাংস্কৃতিক শিক্ষা বিকাশের মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠায় কাঙ্খিত লক্ষ্য অর্জনে অবদান রেখে চলেছেন।