জামানতবিহীন ঋণ পাবেন আউটসোর্সিংয়ের উদ্যোক্তারা

আপডেট : ০৮ জুলাই ২০২০, ২১:২৬

আউটসোর্সিং খাতের উদ্যোক্তাদের জন্য সহজশর্তে জামানতবিহীন সর্বোচ্চ ৫০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে বেসরকারি প্রাইম ব্যাংক। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কল সেন্টার অ্যান্ড আউটসোর্সিংয়ের (বাক্য) সঙ্গে এ সংক্রান্ত সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে প্রাইম ব্যাংক। এর ফলে বাক্যের সদস্যরা প্রাইম ব্যাংক থেকে এ ঋণসুবিধা পাবেন। গতকাল বুধবার ভার্চুয়াল সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রাইম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা রাহেল আহমেদ এবং বাক্যের প্রেসিডেন্ট ওয়াহিদুর রহমান শরীফ আনুষ্ঠানিকভাবে এ সেবার উদ্বোধন করেন। প্রধান অতিথি ছিলেন পরিকল্পনামন্ত্রী মো. আব্দুল মান্নান। পরিকল্পনামন্ত্রী বলেন, এটা নতুন একটি উদ্যোগ। আশা করি, তথ্যপ্রযুক্তি খাতে বিনিয়োগের মাধ্যমে দেশ সামনের দিকে এগিয়ে যাবে। এই খাতে ঋণ দিয়ে সহযোগিতা করার জন্য প্রাইম ব্যাংককে সাধুবাদ জানান তিনি। প্রাইম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক রাহেল আহমেদ বলেন, আইটি খাতে জামানতবিহীন ঋণ দেওয়ার জন্য সংগঠনের পাশাপাশি ইতিপূর্বে আমরা আরো তিনটি সংগঠনের সঙ্গে সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছি।