রপ্তানিমুখী শিল্প খাতে কর্মরত শ্রমিকদের কল্যাণে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে গঠিত কেন্দ্রীয় তহবিল থেকে পোশাকশিল্পের শ্রমিকদের এ পর্যন্ত প্রায় ৮৪ কোটি টাকার সহায়তা প্রদান করা হয়েছে। গতকাল মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানের সভাপতিত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় বোর্ড সভায় এ তথ্য জানানো হয়।
শ্রম মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৩ হাজার ৯২০ জন মৃত শ্রমিকের স্বজনদের সহায়তা এবং মৃত্যু বিমা দাবিবাবদ ৭৮ কোটি ৫ লাখ ৫০ হাজার টাকা, ৬৮৫ জন অসুস্থ শ্রমিককে ১ কোটি ৯৬ লাখ টাকা চিকিত্সা সহায়তা এবং শ্রমিকদের ৫৩৫ জন মেধাবী সন্তানকে উচ্চশিক্ষায় ১ কোটি ৭ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। ২০১৬ সাল থেকে সরকার গঠিত এ তহবিলে অর্থ জমা হচ্ছে। এ পর্যন্ত এ তহবিলে জমা হয়েছে প্রায় সোয়া ২০০ কোটি টাকা। বর্তমানে এ তহবিলে প্রায় ১২৫ কোটি টাকা জমা রয়েছে।
প্রসঙ্গত, পোশাকশিল্পের শ্রমিকদের জন্য গঠিত ঐ তহবিলে রপ্তানিমূল্যের ওপর শূন্য দশমিক ০৩ শতাংশ হারে অর্থ উেস কর্তন করে তা জমা হয়। সভায় মন্ত্রণালয়ের সচিব কে এম আব্দুস সালাম, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক শিবনাথ রায়, বিকেএমইএর সিনিয়র সহসভাপতি মোহাম্মদ হাতেম, জাতীয় শ্রমিক লীগের সভাপতি ফজলুল হক মন্টু, বাংলাদেশ জাতীয় গার্মেন্টস শ্রমিক কর্মচারী লীগের সভাপতি সিরাজুল ইসলাম রনি প্রমুখ উপস্থিত ছিলেন।
