তৃণমূলে মনোযোগ বাফুফের

আপডেট : ০৮ জুলাই ২০২০, ২১:৩৪

কোথা থেকে ফুটবলার বের করা যায়—তাতে মনোযোগ দিয়েছে বাফুফে। এএফসির কথা মেনে দেশজুড়ে ১২০টা একাডেমি তালিকাভুক্ত করার ঘোষণা দেওয়ার পর এবার বাফুফে খুদে ফুটবলারদের নিয়ে কাজ করার ঘোষণা দিয়েছে।

এএফসির পক্ষ থেকে এখন একটু চাপ আছে। আর সেমিনারে গিয়ে এই বিষয়টির ওপর গুরুত্ব বুঝতে পেরে বাফুফে সেদিকে মনোযোগ বাড়িয়েছে। বিশেষ করে বাফুফের যে টার্ফগুলো রয়েছে, সেখানে বিভিন্ন বয়সের খেলোয়াড়দের প্রশিক্ষণের ব্যবস্থা করেছে। টার্ফ কোথায় কোথায় আছে। চারটি মিনি টার্ফের কথা বলা হলেও ঢাকার টার্ফটি মিনি টার্ফ নয়। সেটিকে ধরে নিয়ে কাজ করছে বাফুফে।

বাকি তিনটি হচ্ছে নীলফামারী, মাদারীপুর ও ফেনীতে। এই টার্ফে স্থানীয় খুদে ফুটবলারদের প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নিয়েছে বাফুফে। সম্প্রতি বাফুফে টেকনিক্যাল কমিটি গঠন করেছে। সেই কমিটি একাডেমি তালিকাভুক্ত করা প্রশিক্ষণের ব্যবস্থা করাসহ নানা কাজের পরিকল্পনাও করছে। এই টেকনিক্যাল কমিটিই এখন মিনি টার্ফে প্রশিক্ষণের উদ্যোগ নিয়েছে। ঢাকা হতে কোচ পাঠানো হবে তিন জেলায়, সেখানে প্রশিক্ষণ হবে। টেকনিক্যাল কমিটি চাইছে এসব মিনি টার্ফে যারা প্রশিক্ষণ নেবে, তাদের বাছাই করা হবে বয়সভিত্তিক ফুটবলের জন্য।

টেকনিক্যাল কমিটির কর্তা হাসান মাহমুদ জানিয়েছেন, ৮-১০, ১০-১২, ১২-১৪ এবং ১৪-১৬ বছরের খেলোয়াড়দের এই প্রশিক্ষণের আওতায় আনা হবে। মাদারীপুর, ফেনী ও নীলফামারীতে স্থানীয় কোচ নিয়োগ দেওয়া হবে। প্রশিক্ষণ দেওয়ার যোগ্যতা যাদের রয়েছে, তাদের নিয়োগ দেওয়া হবে। বাফুফের এমন উদ্দেশ্য হচ্ছে, যারা মাঠের বাইরে রয়েছে, তাদেরকে মাঠমুখী করা। প্রতিভা আছে কিন্তু ফুটবলে মনোযোগী না তাদের খুঁজে বের করা। সেই সঙ্গে প্রতিবন্ধী এবং সুবিধাবঞ্চিত খুদে ফুটবলারদের জন্য সপ্তাহে একদিন প্রশিক্ষণের ব্যবস্থাও থাকবে।

তবে, করোনা ভাইরাসের কারণে এখনই শুরু করতে পারছে না বাফুফে। হাসান মাহমুদ জানিয়েছেন, এখন কোচ নিয়োগ, খেলোয়াড় রেজিস্ট্রেশনসহ সব কাজ সেরে রাখবে তারা। সরকারের অনুমতি পেলেই শুরু হয়ে যাবে। এই বিষয়ে কোনো জানার আগ্রহ থাকলে হাসান মাহমুদের সঙ্গে (০১৭০৯৬৬০৫১৫) যোগাযোগ করতে বলা হয়েছে।