সেতিয়েনেই আস্থা বার্সার

আপডেট : ০৮ জুলাই ২০২০, ২১:৩৪

মৌসুম শেষেই চাকরি হারাচ্ছেন কিকে সেতিয়েন। এমন একটা জোর গুঞ্জন ছিল। তবে, সেটা উড়িয়ে দিলেন বার্সেলোনার সভাপতি জাসেফ মারিয়া বার্তেমিউ। আগামী মৌসুমেও বার্সেলোনার ডাগআউটে এই স্প্যানিশ কোচই থাকছেন, জানালেন তিনি।

সেতিয়েনের ওপর থেকে তাই এখনই আস্থা হারাচ্ছে না বার্সেলোনা। কাতালান রেডিও আরএসিওয়ানকে মঙ্গলবার এমনটিই জানান বার্তেমিউ। তিনি বলেন, ‘অবশ্যই, সেতিয়েন দায়িত্বে থাকবেন। দল যেভাবে উন্নতি করছে, তাতে আমি বেশ খুশি। সেতিয়েন যেসব ক্ষেত্রে উন্নতি করেছে, গত কয়েক ম্যাচে তা আমরা দেখেছি।’

আর্নেস্তো ভালভার্দের কোচিংয়ে গত দুই মৌসুমে লিগ চ্যাম্পিয়ন হয় বার্সেলোনা। এবারও লিগ টেবিলের শীর্ষে ছিল দলটি। তবে, তার সময়ে বিশেষ করে ইউরোপ সেরার মঞ্চে দলটির পারফরম্যান্স ছিল না নজরকাড়া। গত জানুয়ারিতে তাকে ছাঁটাই করে সেতিয়েনকে দায়িত্ব দেয় কর্তৃপক্ষ।

 কিন্তু দলের পারফরম্যান্সে তেমন কোনো উন্নতি হয়নি। তাই প্রশ্ন উঠেছে, ভালভেরদের জায়গায় সেতিয়েনকে দায়িত্ব দেওয়া কতটা যৌক্তিক সিদ্ধান্ত। তবে এ বিষয়ে কোনো আফসোস নেই বার্তোমিউয়ের।

তিনি বলেন, ‘ভালভেরদেকে বরখাস্ত করায় আমি অনুতপ্ত নই। আমাদের দলের নতুন একটা প্রেরণার দরকার ছিল এবং সেতিয়েন নতুন পরিকল্পনা নিয়ে এসেছে।’