করোনার কারণে কেনিয়ায় এ বছরে শেষ পর্যস্ত সব স্কুল বন্ধ

আপডেট : ০৮ জুলাই ২০২০, ২১:৩৭

করোনা ভাইরাস মহামারির কারণে পূর্ব আফ্রিকার দেশ কেনিয়ায় সব স্কুল আগামী বছর জানুয়ারির আগে আর খুলছে না। দেশটিতে স্কুলের ফাইনাল পরীক্ষা সাধারণত নেওয়া হয় অক্টোবর-নভেম্বরে। চলতি বছরের সেসব পরীক্ষাও বাতিল করা হয়েছে।

কেনিয়ার শিক্ষামন্ত্রী জর্জ মাগোহা বলেছেন, প্রাথমিক এবং মাধ্যমিক স্কুলগুলোতে ক্লাস আগামী বছর জানুয়ারিতে শুরু হবে। মার্চের মাঝামাঝি সময় থেকে স্কুল বন্ধ থাকায় সব স্কুলের ২০২০ শিক্ষাবর্ষও বাদ পড়বে বলে জানান তিনি। সরকারি-বেসরকারি সব স্কুলের ক্ষেত্রে এ নির্দেশনা প্রযোজ্য হবে। কেনিয়ায় জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত স্কুলের শিক্ষাবর্ষ ধরা হয়। তবে কঠোর স্বাস্থ্যবিধি মেনে চললে কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলো সেপ্টেম্বরেই খুলে দেওয়া হবে। মার্চে শিক্ষার্থীরা স্কুলে যাওয়া বন্ধ করার পর থেকে সরকার পরিচালিত কেনিয়া ইনস্টিটিউট অফ কারিকুলাম ডেভেলপমেন্ট রেডিও, টেলিভিশন ও অনলাইনের মাধ্যমে স্কুলের কার্যক্রম অব্যাহত রাখার চেষ্টা করে যাচ্ছিল। এর মাধ্যমে কিছু শিক্ষার্থী সিলেবাস অনুযায়ী পাঠ সম্পূর্ণ করতে পারলেও অনেকেই এই প্রযুক্তিগত সুবিধার আওতায় ছিলেন না। সোমবার দেশটির প্রেসিডেন্ট উহুরু কেনিয়াত্তা করোনা ভাইরাস বিধিনিষেধ ধাপে ধাপে তুলে নেওয়ার ঘোষণা দিয়েছেন। প্রধান দুটি শহর নাইরোবি ও মোম্বাসায় ভ্রমণের ওপর বিধিনিষেধ তুলে নেওয়া হয়েছে।