ভারতে কেমিক্যাল প্ল্যান্ট থেকে বিষাক্ত রাসায়নিক গ্যাস ছড়িয়ে ১২ জনের মৃত্যুর ঘটনার দুই মাস পর এলজি পলিমারের ১২ জন কর্মকর্তাকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতদের মধ্যে কোম্পানিটির প্রধান নির্বাহী দক্ষিণ কোরীয় নাগরিক সাংকি জেংও রয়েছেন বলে গতকাল বুধবার জানিয়েছেন ভারতীয় কর্মকর্তারা। দক্ষিণ কোরীয় এলজি কেমিক্যাল লিমিটেডের অন্ধ্র প্রদেশের বিশাখাপত্তম ইউনিট থেকে ৭ মে স্থানীয় সময় ভোররাতে বিষাক্ত রাসায়নিক গ্যাস ছড়িয়ে পড়ে। এতে ১২ জনের মৃত্যু হওয়া ছাড়াও অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয় আরো শত শত মানুষ।
বিশাখাপত্তমের পুলিশ কমিশনার রাজিব কুমার মীনা জানান, কোম্পানির বিরুদ্ধে দায়ের করা গাফিলতিজনিত হত্যা মামলায় তাদের গ্রেফতার করা হয়। তিনি বলেন, ‘মঙ্গলবার সন্ধ্যায় সিইও ও দুই পরিচালকসহ মোট ১২ জনকে গ্রেফতার করা হয়।’
গ্রেফতার করা দুই পরিচালকের মধ্যে একজন দক্ষিণ কোরীয় নাগরিক আছেন বলে জানিয়েছেন তিনি। তাদের কর্মকর্তাদের গ্রেফতারের বিষয়ে মন্তব্যের জন্য অনুরোধ করা হলে এ বিষয়ে তাদের ‘কোনো বক্তব্য নেই’ বলে বার্তা সংস্থা রয়টার্সের কাছে পাঠানো এক ইমেইলে জানিয়েছে এলজি পলিমার। তাদের ঐ কেমিক্যাল কারখানা থেকে ছড়িয়ে পড়া বিষাক্ত স্টাইরিন গ্যাসে ঘুমন্ত লোকজন দম বন্ধ হয়ে মারা যায়।
