ফুলবাড়ীতে বড়পুকুরিয়া কয়লা শ্রমিকদের মানববন্ধন

আপডেট : ০৮ জুলাই ২০২০, ২১:৪৪

বেতনভাতাসহ চার দফা দাবিতে বুধবার ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেছেন ফুলবাড়ীর পার্শ্ববর্তী বড়পুকুরিয়া কয়লাখনি শ্রমিক-কর্মচারীরা। খনির প্রধান ফটকের সামনে বড়পুকুরিয়া কয়লাখনি শ্রমিক-কর্মচারী ইউনিয়ন ও বড়পুকুরিয়া কয়লাখনি শাখা জাতীয় শ্রমিক লীগের যৌথ উদ্যোগে সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এ সময় বক্তব্য রাখেন বড়পুকুরিয়া কয়লাখনি শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি রবিউল ইসলাম রবি, সাধারণ সম্পাদক আবু সুফিয়ান, সাবেক সাধারণ সম্পাদক নূর ইসলাম, বড়পুকুরিয়া কয়লাখনি শাখা জাতীয় শ্রমিক লীগের সভাপতি জাহিদুল ইসলাম রতন, জ্যেষ্ঠ সহসভাপতি মাহাবুবুল আলম, পর্ষদ পরিচালক রায়হানুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন, মো. লিটন প্রমুখ।

খনির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী মো. কামরুজ্জামান খান বলেন, শ্রমিকদের বিষয়টি সমাধানের জন্য চীনা ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে।