সিলেটে বাড়ছে করোনা সংক্রমণ

আপডেট : ০৮ জুলাই ২০২০, ২১:৪৫

সিলেট বিভাগে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দিনের পর দিন বেড়েই চলেছে। একই সঙ্গে দীর্ঘ হচ্ছে করোনায় মৃতের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় এ মিছিলে যোগ হয়েছে আরো চার জনে নাম। এর মধ্যে সিলেট জেলার তিন জন। অপর জন সুনামগঞ্জ জেলার। এ নিয়ে বুধবার পর্যন্ত সিলেট বিভাগে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৯৪ জনে। স্বাস্থ্য বিভাগ জানায়,  বুধবার সকাল পর্যন্ত এ বিভাগে করোনায় আক্রান্ত হয়েছে মোট ৫ হাজার ৪৫৪ জন। এর মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ২ হাজার ৯২৭ জন। এছাড়া সুনামগঞ্জে দ্বিতীয় সর্বোচ্চ ১ হাজার ১১৮ জন, হবিগঞ্জে ৮৩৪ জন ও মৌলভীবাজারে ৫৭৫ জন।

বিভাগে মোট মারা যাওয়া ৯৪ জনের মধ্যে সিলেট জেলায়ই মারা গেছেন ৭৪ জন। এছাড়া সুনামগঞ্জ আট, হবিগঞ্জে ও মৌলভীবাজার জেলায় ছয় জন করে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।