সংবাদ সংক্ষেপ

আপডেট : ০৮ জুলাই ২০২০, ২১:৪৮

ফসল উত্পাদনে প্রশিক্ষণ ও মাঠ দিবস

পঞ্চগড় প্রতিনিধি দেবীগঞ্জে পরিবেশবান্ধব কৌশলের মাধ্যমে নিরাপদ ফসল উত্পাদনের জন্য কৃষকদের দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দেবীগঞ্জ উপজেলা কৃষি বিভাগের আয়োজনে উপজেলার দন্ডপাল ইউনিয়নের ধনমন্ডল গ্রামে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। মাঠ দিবসে দেবীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা শামীম ইকবাল, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আব্দুল বারিক প্রমুখ উপস্থিত ছিলেন।

 শেরপুরে কৃষি উপকরণ প্রদান

শেরপুর (বগুড়া) সংবাদদাতা পারিবারিক পুষ্টিবাগান প্রদর্শনী স্থাপনের লক্ষ্যে ৩২০ জন কৃষকের মধ্যে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে এসব বিতরণ করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিয়াকত আলী শেখ।

বরিশালে প্রান্তিক চাষিদের মধ্যে সবজিবীজ বিতরণ

বরিশাল অফিস বরিশালে ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের মধ্যে বিনামূল্যে সবজিবীজ বিতরণ করা হয়েছে। বুধবার সদর উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই বীজ বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা চেয়ারম্যান বরিশাল সদর উপজেলা সাইদুর রহমান রিন্টু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মুনিবুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান মধু, মহিলা ভাইস চেয়ারম্যান রেহানা বেগম, উপজেলা কৃষি কর্মকর্তা মো. তৌহিদসহ উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক এবং কৃষির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

পীরগঞ্জে ৫১৮ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থী পেল বৃত্তি

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) সংবাদদাতা উপজেলায় ৫১৮ জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীর মধ্যে শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়েছে। বুধবার উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রধানমন্ত্রীর তহবিল থেকে এ শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। উপজেলা চেয়ারম্যান আখতারুল ইসলাম, ইউএনও রেজাউল করিম উপস্থিত থেকে এ শিক্ষাবৃত্তির টাকা বিতরণ করেন।

নন-এমপিও শিক্ষকদের মধ্যে অনুদান বিতরণ

পলাশ (নরসিংদী) সংবাদদাতা উপজেলায় করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্ত নন-এমপিও শিক্ষক ও কর্মচারীদের মধ্যে প্রধানমন্ত্রীর বিশেষ অনুদান বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার রুমানা ইয়াসমিনের সভাপতিত্বে উপজেলা পরিষদ সভাকক্ষে ৯০ জন শিক্ষক ও ২৫ জন কর্মচারীর মধ্যে এ অনুদানের চেক হস্তান্তর করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন।

করোনা সচেতনতায় বিট পুলিশিং কার্যক্রমের সমাবেশ

গৌরীপুর (ময়মনসিংহ) সংবাদদাতা বুধবার গৌরীপুর রেলওয়ে স্টেশনে বিট পুলিশিং কার্যক্রমের এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গৌরীপুর থানা পুলিশের উদ্যোগে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) জয়িতা শিল্পী। সমাবেশে করোনাকালীন স্বাস্থ্য সচেতনতা, স্বাস্থ্যবিধি মেনে চলা, কোরবানির হাটে স্বাস্থ্যবিধি মেনে পশু ক্রয় করাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

নারী প্রগতি সংঘের উদ্যোগে খাদ্যসহায়তা

নেত্রকোণা প্রতিনিধি বাংলাদেশ নারী প্রগতি সংঘ নেত্রকোনার উদ্যোগে করোনাকালীন সময়ে দুস্থ অসহায় ১৮০ পরিবারের মধ্যে খাদ্যদ্রব্য ও সুরক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। বুধবার নেত্রকোণা জেলা প্রশাসক মঈনউল ইসলাম উপস্থিত থেকে এসব পরিবারের মধ্যে চাল, ডাল, তৈল, লবণ, আলু, সাবান ও মাস্ক বিতরণ করেন। এ সময় অন্যদের মধ্যে ছিলেন নারী প্রগতি সংঘের কেন্দ্র ব্যবস্থাপক মৃনাল কান্তি চক্রবর্তী।

অনার্স মাস্টার্স শিক্ষক ফোরামের সংবাদ সম্মেলন

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) সংবাদদাতা রায়গঞ্জে বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষক ফোরামের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে রায়গঞ্জ প্রেসক্লাবের হলরুমে প্রেসক্লাবের সভাপতি টি এম কামরুজ্জান লাবুর সভাপতিত্বে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ফোরামের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম।