শিক্ষা উদ্যোক্তাদের জন্য প্রণোদনা দেওয়াসহ ১০ দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন কিন্ডার গার্টেন অ্যাসোসিয়েশনের নেতারা। গতকাল বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে এই কর্মসূচিতে অংশ নেন কিন্ডার গার্টেন স্কুলের শিক্ষক ও কর্মচারীরা। এছাড়া সারা দেশে জেলা-উপজেলা পর্যায়ে অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে বলেও জানান নেতারা।
অবস্থান কর্মসূচিতে শিক্ষকরা বলেন, বর্তমান করোনা ভাইরাসের কারণে কিন্ডার গার্টেন স্কুলগুলোর অবস্থাও শোচনীয়। সরকার যদি প্রণোদনা না দেয় তাহলে ৭৫ ভাগ কিন্ডার গার্টেন স্কুল বন্ধ হয়ে যাবে বলেও জানান তারা।
শিক্ষকদের দাবিগুলোর মধ্যে রয়েছে—শিক্ষা উদ্যোক্তাদের জন্য প্রণোদনা বা সহজ শর্তে ঋণ দেওয়া, করোনা সংকটে দুর্ভোগে পড়া কিন্ডার গার্টেন স্কুল শিক্ষকদের জন্য বিশেষ অনুদান দেওয়া, কর্মহীন হয়ে পড়া কিন্ডার গার্টেন স্কুল শিক্ষক পরিবারকে বাঁচাতে প্রধানমন্ত্রীর সহায়তা, শিক্ষকদের অর্থ কষ্ট লাঘবে সরকারি প্রণোদনা, কেজি স্কুলকে সহজ প্রক্রিয়া নিবন্ধন দেওয়া অন্যতম।
অ্যাসোসিয়েশনের কো চেয়ারম্যান মো. আব্দুল বাকীর সভাপতিত্বে অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন সংগঠনের ভাইস চেয়ারম্যান ডা. আব্দুল মাজেদ, ভাইস চেয়ারম্যান মাহমুদুল হক চৌধুরী প্রমুখ।
