বিএমএ সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিনের করোনাজয়

আপডেট : ০৮ জুলাই ২০২০, ২১:৫৬

বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতি ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন করোনামুক্ত হয়েছেন। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দীর্ঘ ১৮ দিন রাজধানীর একটি হাসপাতালে চিকিত্সাধীন থাকা অবস্থায় গতকাল মঙ্গলবার পুনরায় তার নমুনা পরীক্ষায় রিপোর্ট নেগেটিভ এসেছে। অর্থাত্ তার শরীরে এখন করোনা ভাইরাসের অনুপস্থিতি পাওয়া গেছে। দেশের সর্বস্তরের চিকিত্সক, নার্স, স্বাস্থ্যকর্মী এবং রাজনৈতিক নেতৃবৃন্দ, আওয়ামী লীগের নেতাকর্মী, সমর্থক, বন্ধু, স্বজন, শুভানুধ্যায়ীদের দোয়া ও প্রার্থনায় তিনি এখন সুস্থ ও ভালো আছেন।

গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্ত হওয়ার পূর্ব থেকেই সারাদেশে করোনা প্রতিরোধে ডা. মোস্তফা জালাল মহিউদ্দিনের নেতৃত্বে বিএমএ নানাবিধ কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করে এসেছে। তিনি করোনায় আক্রান্ত হওয়ার পূর্বে বিএমএর নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে রাজধানীর বিভিন্ন হাসপাতালে ও দেশের বিভিন্ন জেলায় চিকিত্সকদের জন্য পিপিই, মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেন। সম্প্রতি বৈশ্বিক মহামারি করোনা প্রতিরোধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে একযোগে কাজ করার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান।