বিজিবির বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

আপডেট : ০৮ জুলাই ২০২০, ২১:৫৭

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিববর্ষ’ উপলক্ষ্যে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম, বিজিবিএম (বার), এনডিসি, পিএসসি বঙ্গবন্ধুর স্মারক বিশেষ ‘বৃক্ষরোপণ কর্মসূচি-২০২০’ এর উদ্বোধন করেছেন।

বিজিবি মহাপরিচালক গতকাল সকালে বিজিবি সদর দপ্তর, পিলখানার অভ্যন্তরে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক স্কুল অ্যান্ড কলেজের পূর্ব পার্শ্বের মাঠে একটি বটগাছের চারা রোপণ করে ‘বৃক্ষরোপণ কর্মসূচি-২০২০’ এর উদ্বোধন করেন। তিনি বলেন, প্রাকৃতিক সৌন্দর্যবর্ধন, পরিবেশের ভারসাম্য রক্ষা, সুস্থ জীবনযাপন ও কর্মপরিবেশ নিশ্চিত, জীবনযাত্রার মানোন্নয়ন এবং বায়ু ও অন্যান্য পরিবেশ দূষণ রোধ, জলবায়ুর বিরূপ প্রভাবজনিত প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলাসহ জীববৈচিত্র্যের অস্তিত্ব রক্ষার স্বার্থে আমাদের অধিক পরিমাণে বৃক্ষরোপণ করা প্রয়োজন।

বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক সামাজিক দূরত্ব বজায় রেখে পিলখানার সকল জ্যেষ্ঠ কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।—প্রেস বিজ্ঞপ্তি