কিভাবে হবে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা?

আপডেট : ০৮ জুলাই ২০২০, ২২:০৩

আমরা যারা এ বছরের এইচএসসি পরীক্ষার্থী, তাদের মনের ভেতরটায় কী চলছে তা আমরা পরীক্ষার্থী ছাড়া আর কেউ বুঝতে পারবে না। যখন দফায় দফায় স্কুল-কলেজ বন্ধ ঘোষণা হলো এবং ছুটি বাড়তে থাকল, তখনও নিয়মিতভাবেই আসতে থাকল এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার ভুল তথ্য। কোভিড ১৯-এর ধাক্কায় এলোমেলো পৃথিবী। বন্ধুবান্ধবদের সঙ্গে যোগাযোগ করে জানতে পারি তাদের মনের অবস্থা। সবার মনেই একটা চাপা আতঙ্ক কাজ করছে। এতকিছুর  মধ্যেও এইচএসসি পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে?  পরীক্ষার পর কতটুকু সময় পাব ভর্তি পরীক্ষার প্রস্তুতির জন্য? শুনতে পাচ্ছি, অনেকেই নাকি একাডেমিক পড়াশোনা বাদ দিয়ে ভার্সিটির ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে! আবার শুনলাম মাননীয় শিক্ষামন্ত্রী বলেছেন পরীক্ষার পর তেমন একটা সময় থাকবে না বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রস্তুতির জন্য। সেজন্য এখনই ভর্তি প্রস্তুতির পড়াশোনা কিছুটা করে রাখতে বলেছেন তিনি। তার ওপর আছে বিশ্ববিদ্যালয়গুলোর একক কিংবা গুচ্ছ  পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তহীনতা। ভর্তি পরীক্ষার পদ্ধতিই যদি নির্ধারণ না হয়, তাহলে আমরা সেটার জন্য পড়াশোনা করব কিভাবে? এ অবস্থায়, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা নিয়ে সৃষ্ট জটিলতার বিষয়ে দ্রুত সময়োপযোগী সিদ্ধান্ত নেওয়ার জন্য একজন এইচএসসি পরীক্ষার্থী হিসেবে কর্তৃপক্ষের কাছে বিনীত আবেদন জানাচ্ছি।

ইস্তিয়াক আহমেদ হূদয়

পরীক্ষার্থী, নওগাঁ সরকারি কলেজ