ঢাবি ও জাবিতে অনলাইনে ক্লাস

আপডেট : ০৮ জুলাই ২০২০, ২২:০৩

মধ্য মার্চ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস বন্ধ রয়েছে। এ বন্ধ অনির্দিষ্টকালের। করোনা ভাইরাস পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত চালু হবে না বিশ্ববিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক শিক্ষা কার্যক্রম। এ মধ্যবর্তী সময়ে শিক্ষার্থীদের পড়াশোনা বিমুখ না হওয়া, শিক্ষা কার্যক্রম এগিয়ে নিয়ে যাওয়া ও মানসিকভাবে চাঙ্গা রাখতে বিশ্ববিদ্যালয় প্রশাসন জুলাইয়ের প্রথম থেকে শুরু করেছে অনলাইন ক্লাস। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সামর্থ্য অনুযায়ী এ কার্যক্রম চলবে। অনলাইন কার্যক্রমের বিষয়াদি প্রাতিষ্ঠানিকভাবে গণ্য করা হবে না। এ কার্যক্রমে থাকবে না কোনো নম্বর কিংবা ফলাফল।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, মহামারির কারণে কিছু সময় হারালেও দীর্ঘ বন্ধের কারণে শিক্ষার্থীরা যেন একাডেমিক এবং বুদ্ধিবৃত্তিকভাবে পিছিয়ে না পড়ে। বিষয়টি নিশ্চিত করতে এমন উদ্যোগ নিয়েছে প্রশাসন। বিশ্ববিদ্যালয় প্রশাসনের সিদ্ধান্ত বাধ্যতামূলকভাবে কাউকে মানতে হবে এমন কথা নয়।

তারই পরিপ্রেক্ষিতে গত মাসের শেষ সপ্তাহে বিভাগ ও ইনস্টিটিউট-প্রধানদের ‘সীমিত সামর্থ্য’ দিয়েই অনলাইনে শিক্ষা কার্যক্রম চালু করতে অনুরোধ জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। অনুরোধের পরপরই শিক্ষকবৃন্দ শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ করে তাদের কাছ থেকে ই-মেইল ঠিকানা ও ফোন নম্বরসহ অন্যান্য প্রয়োজনীয় তথ্য নেন। একই সঙ্গে অনলাইন ক্লাসবিষয়ক প্রয়োজনীয় পরামর্শ-নির্দেশনাও দিচ্ছেন তারা। ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ বিভাগে ক্লাস শুরুও হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকটি বিভাগে খোঁজ নিয়ে জানা যায়, অনলাইন ক্লাসগুলোতে লাইভ ক্লাসের পাশাপাশি থাকবে শিক্ষকদের রেকর্ড করা অডিও লেকচার, রিডিং মেটেরিয়ালস, ইন্টারনেট লিংক, ভিডিও ইত্যাদি। ক্লাস টেস্ট বা অ্যাসাইনমেন্টও অনলাইনে প্রদান করা হবে। তবে এসব কার্যক্রমের জন্য প্রাতিষ্ঠানিক কোনো সম্পৃক্ততা থাকবে না। এসব নম্বরও মূল পরীক্ষার সঙ্গে যোগ হবে না। শিক্ষার্থীদের মানসিকভাবে চাঙ্গা রাখতে এমন সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।

এ বিষয়ে অনলাইন শিক্ষা কার্যক্রম পরিচালনার জন্য কেন্দ্রীয়ভাবে নীতিমালা প্রণয়ন কমিটির প্রধান ও বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য (শিক্ষা) অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল বলেন, আমরা দীর্ঘ একটা সময় হারিয়ে ফেলছি। এ সময়ে নানা নেতিবাচক কারণে শিক্ষার্থীরা মানসিকভাবে ভেঙে পড়তে পারে। সেজন্য একাডেমিক কাজের মধ্য দিয়ে তাদের মনোবল চাঙ্গা রাখতে এ ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জাবি সংবাদদাতা জানান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আগামী ১২ জুলাই থেকে অনলাইন ক্লাস শুরু করার সিদ্ধান্ত গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে আপাতত অনলাইন ক্লাসে উপস্থিতির ওপর কোনো নম্বর না রাখতে ও কোনো ধরনের পরীক্ষা না নিতে বলা হয়েছে। কিন্তু কোনো বিভাগের সভাপতি চাইলে উপস্থিতির ওপর নম্বর রাখতে পারবেন। গতকাল বিকালে ইত্তেফাককে বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য (প্রশাসন) অধ্যাপক আমির হোসেন এসব তথ্য নিশ্চিত করেন। অধ্যাপক আমির হোসেন বলেন, ‘মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের সভাপতিত্বে বিভিন্ন বিভাগের সভাপতি, অনুষদসমূহের ডিন ও ইনস্টিটিউটসমূহের পরিচালকবৃন্দের উপস্থিতিতে এক ভার্চুয়াল বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া আগামী এক মাসের মধ্যে একাডেমিক কাউন্সিলের বৈঠক ডেকে বিভিন্ন পরীক্ষার ফল প্রকাশ, স্থগিত পরীক্ষা ও অন্যান্য প্রয়োজনীয় বিষয়সমূহের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলেও আলোচনা হয়েছে।’ তিনি বলেন, ‘প্রাথমিকভাবে শুধু ক্লাস নেওয়া হবে। তবে শিক্ষকরা অ্যাসাইনমেন্ট দিতে ও নিতে পারবেন। পরে করোনা ভাইরাসের        পরিস্থিতি বিবেচনায় একাডেমিক কাউন্সিলে সিদ্ধান্ত হলে পরীক্ষা বা টিউটোরিয়ালের কথা ভাবা হবে।’