মানিকগঞ্জের বিভিন্ন হাটবাজারে নিষিদ্ধ পিরানহাকে রূপচাঁদা মাছ বলে বিক্রি করছে অসাধু মাছ ব্যবসায়ীরা। যা মানবদেহের জন্য ক্ষতিকারক বলে জানা গেছে। গতকাল জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অফিসের অভিযানে বেরিয়ে আসে এসব তথ্য।
সাটুরিয়া উপজেলার গোলড়া বাজারে প্রায়ই বিক্রয়নিষিদ্ধ পিরানহা কেনাবেচা হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রাপ্ত এমন তথ্যের ভিত্তিতে মহাপরিচালক বাবলু কুমার সাহার নির্দেশনায় সকাল ৭টায় ভোক্তা অধিকার সংরক্ষণ মানিকগঞ্জ অফিসের উদ্যোগে অভিযান পরিচালনা করেন গোলড়া ও জান্না বাজারে।
জানা গেছে, গোলড়া মাছের আড়ত ও মাছবাজারে গতকাল পিরানহা বিক্রিয় করতে দেখা না গেলেও আগের দিন তা বিক্রির প্রমাণ মেলে। রূপচাঁদা বলে পিরানহা বিক্রির সঙ্গে জড়িত দুই জন মাছের আড়তদারকে মুচলেকা গ্রহণপূর্বক সতর্ক করা হয়েছে।
মানিকগঞ্জ জেলার কোথাও এই অনিয়ম পরিলক্ষিত হলে ভোক্তা অধিকার মানিকগঞ্জ জেলায় তথ্য দিয়ে সহযোগিতা করার অনুরোধ জানান কর্মকর্তারা। অপরদিকে অভিযানে মূল্য তালিকা প্রদর্শন না করায় এক প্রতিষ্ঠানকে জরিমানা ও কয়েকটি প্রতিষ্ঠানকে মূল্য তালিকা প্রদর্শন করতে সময় বেঁধে দেওয়া হয়েছে। সম্প্রতি মানিকগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল এ অভিযান পরিচালনা করেন। অভিযানে সহযোগিতা করেন সাটুরিয়া উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর নিলুফা ইয়াসমিন, ক্যাবের সাধারণ সম্পাদক এ বি এম সামছুন্নবী তুলিপ ও ব্যাটালিয়ন আনসারে সদস্যবৃন্দ।
