করোনা মোকাবিলায় জাতীয় সংসদের সংসদ সদস্যসহ সংসদ সচিবালয়ে কর্মরত ব্যক্তিদের জন্য নৌবাহিনীর পক্ষ থেকে স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপত্তাসামগ্রী দেওয়া হয়েছে। গতকাল নৌবাহিনীর পক্ষে ক্যাপ্টেন এম আক্তার হাসান সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব এম নুরুজ্জামান এবং প্রধান চিকিত্সা কর্মকর্তার কাছে এ সব সামগ্রী হস্তান্তর করেন। এ সময় মাস্ক, হ্যান্ড গ্লাভস, বিশেষ নিরাপত্তা চশমা, ব্যক্তিগত নিরাপত্তা পোশাক (পিপিই), থার্মোমিটার, হ্যান্ড স্যানিটাইজারসহ বিভিন্ন নিরাপত্তাসামগ্রী প্রদান করা হয়।
জাতীয় সংসদের স্পিকার, ডেপুটি স্পিকার, চিফ হুইপ, হুইপ, সংসদ সদস্যসহ সংসদ সচিবালয়ে কর্মরত ব্যক্তিবর্গের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি নিশ্চিত করতে নৌবাহিনীর নিজস্ব তহবিল থেকে এ উদ্যোগ গ্রহণ করা হয়। এরই অংশ হিসেবে জাতীয় সংসদের মেডিক্যাল সেন্টারে ২ হাজার ৮০০ পিস মাস্ক, ১ হাজার ৩০০ সেট হ্যান্ড গ্লাভস, ১২০ পিস ব্যক্তিগত নিরাপত্তা পোশাক (পিপিই), ৭০ পিস বিশেষ নিরাপত্তা চশমা, ১২০ পিস হ্যান্ড স্যানিটাইজার, ১১০ পিস ফেস শিল্ড, ৯ পিস আইআর থার্মোমিটারসহ বিভিন্ন নিরাপত্তাসামগ্রী প্রদান করা হয়। উল্লেখ্য, করোনা মোকাবিলায় নৌবাহিনী এর আগেও রাজধানী ঢাকাসহ চট্টগ্রাম ও খুলনার বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান এবং হাসপাতালগুলোতে কর্মরত ব্যক্তিবর্গ, ডাক্তার, নার্স এবং স্বাস্থ্যকর্মীদের সুরক্ষায় বিভিন্ন নিরাপত্তাসামগ্রী প্রদান করেছে। পাশাপাশি উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় উপকূলীয় এলাকাগুলোতে নৌবাহিনী বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম পরিচালনাসহ নিয়মিত স্থানীয় গরিব, দুস্থ ও অসহায়দের মধ্যে খাদ্য সহায়তা প্রদান করছে। —আইএসপিআর
