কমলাপুর রেলস্টেশনে আকাশ ঘোষ নামে এক ব্যক্তির দেহ তল্লাশি করে সাতটি স্বর্ণের বার উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। যার ওজন চার কেজি ৪১৫ গ্রাম। গতকাল তাকে আটক করা হয়। ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) ওসি রকিব-উল-হোসেন জানান, সিলেট থেকে কালনী ট্রেনে করে কমলাপুরে আসেন আকাশ। তার বাড়ি ঢাকার সাভারে। পরে গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে স্বর্ণের বার উদ্ধার করা হয়। এর ওজন ৪ কেজি ৪১৫ গ্রাম। বাজার মূল্য ২ কোটি ৩৫ লাখ টাকা। ওসি আরো বলেন, এছাড়া গতকাল ২০০ বোতল ফেনসিডিলসহ রবিউল নামক এক জনকে গ্রেফতার করা হয়েছে। বনলতা এক্সপ্রেসে সে রাজশাহী থেকে ঢাকায় আসে। ট্রেন থেকে নামার পরপরই তাকে আটক করা হয়।
