আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, করোনার নমুনা পরীক্ষা, সনদ, প্লাজমা ডোনেশনসহ বিভিন্ন ক্ষেত্রে এ সংকটকে ঘিরে এক শ্রেণির অসাধুচক্র প্রতারণার আশ্রয় নিচ্ছে এবং মানুষ ঠকাচ্ছে, এ ধরনের প্রতারণা মানুষের অসহায়ত্ব নিয়ে নির্মম বাণিজ্য ছাড়া কিছু নয়। এসব প্রতারণা ও অনিয়মের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে। আসন্ন ঈদে করোনা সংক্রমণ বিস্তার রোধে সবাইকে সচেতন জনযোদ্ধা হিসেবে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, পশুর হাট, বাস-লঞ্চ টার্মিনাল, ট্রেন স্টেশন, ফেরিঘাট, শপিংমল, কাঁচাবাজারসহ প্রতিটি স্থানে পারস্পরিক দূরত্ব বজায় রেখে, মাস্ক পরে এবং স্বাস্থ্যবিধি মেনে সুরক্ষাবলয় তৈরি করতে হবে। পরিবারের সঙ্গে ঈদ করার আনন্দযাত্রা যেন বিষাদ যাত্রায় রূপ না নেয়, সেই বিষয়ে সচেতন থাকতে হবে। তাই আসুন, সচেতনতার সর্বোচ্চ মাত্রায় নিজেদের সুরক্ষা করি। ওবায়দুল কাদের গতকাল বুধবার সংসদ ভবনের সরকারি বাসভবন থেকে এক অনলাইন সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, কিছু মানুষ সংক্রমণ লুকিয়ে তথ্য গোপন করে চলাফেরা করছেন, আবার কেউ করোনা নেগেটিভ সনদ নিয়ে বিদেশে গিয়ে বিমানবন্দরে পজিটিভ হিসেবে চিহ্নিত হচ্ছে। বিদেশে যাওয়ার তীব্র প্রতিযোগিতা এবং সত্য গোপন রাখায় বিদেশে দেশের ভাবমূর্তি নষ্ট করা হচ্ছে এবং লাখ লাখ প্রবাসীর অবিশ্বাস আর অনিশ্চয়তার আঁধারে ঠেলে দিচ্ছে। লক্ষণ দেখা দিলে আইসোলেশনে থেকে চিকিত্সা নেওয়ার অনুরোধ জানিয়ে ওবায়দুল কাদের বলেন, তথ্য গোপনের সঙ্গে দেশের ইমেজ, লাখ লাখ প্রবাসীর ভাগ্য এবং ভবিষ্যত্ অনিশ্চয়তায় আবর্তিত হবে। আক্রান্তদের চিকিত্সায় সম্মুখসারিতে থেকে যারা লড়াই চালিয়ে যাচ্ছেন তাদের তিনি অভিনন্দন জানান। সড়ক পরিবহন মন্ত্রী বলেন, দেশের সংকটে জাতির প্রয়োজনে আপনারাই প্রকৃত বীর। শেখ হাসিনা সরকার আপনাদের পাশে রয়েছেন।
