এশিয়াজুড়ে উত্পাদনমুখী কার্যক্রমে শ্লথগতি

আপডেট : ০৪ জানুয়ারি ২০১৯, ২০:৫৬

যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বাণিজ্যযুদ্ধ এবং চীনের চাহিদার শ্লথগতির প্রভাব পড়েছে এশিয়ার উত্পাদনমুখী খাতে। ডিসেম্বরে এশিয়া অঞ্চলের দেশগুলোতে ম্যানুফ্যাকচারিং কার্যক্রম ব্যাপকভাবে কমেছে। এর মধ্যে চীনের কার্যক্রম সংকুচিত হয়েছে গত ১৯ মাসের মধ্যে প্রথমবারের মতো। চীনের শ্লথহার প্রভাব ফেলেছে এ অঞ্চলের অন্য প্রধান অর্থনীতির দেশগুলোতেও। কারণ এ দেশটির আমদানির উপর অনেকাংশে নির্ভর করে এশিয়ার অনেক দেশের রপ্তানি। মালয়েশিয়ার কারখানা কার্যক্রমে গত মাসে ২০১২ সালের পর ছিল সবচেয়ে শ্লথগতি। মূলত বাণিজ্যযুদ্ধ পরিস্থিতি বিশ্ব অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলতে শুরু করেছে যদিও ৯০ দিনের জন্য যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে চীন ও যুক্তরাষ্ট্র। এর কারণ হলো এ সময়ের মধ্যে সমাধানে পৌঁছাতে না পারলে আরও মোটা অঙ্কের শুল্ক চাপানোর হুমকি দিয়ে রেখেছে দুই দেশই।