কুমিল্লা ও ঝিনাইদহে করোনার উপসর্গ নিয়ে পাঁচ জনের মৃত্যু হয়েছে।
কুমিল্লা প্রতিনিধি জানান, কুমিল্লা মেডিক্যাল কলেজ (কুমেক) হাসপাতালে বুধবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ করোনা ইউনিটে করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে এক নারীসহ চার জন মারা গেছেন। এর মধ্যে করোনা ইউনিটের আইসিইউতে একজন, করোনা ওয়ার্ডে দুই জন এবং আইসোলেশনে একজন চিকিত্সাধীন অবস্থায় মারা যান। বুধবার দুপুরে কুমেক হাসপাতালের সহকারী সার্জন ডা. ইশতিয়াক চৌধুরী এসব তথ্য জানান। কুমেক হাসপাতাল সূত্র জানায়, মৃতরা হলেন—কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বাতাবাড়িয়া গ্রামের শহীদুল ইসলাম (৪২) দেবীদ্বার উপজেলার চুলহাশ গ্রামের ওয়ারিছ মিয়া (৬০) ও সদর উপজেলার গোবিন্দপুর এলাকার মাহফুজুর রহমান (৫০) এবং হোমনা উপজেলার ছোটগাঁও গ্রামের সালেহা বেগম (৬৫)।
এদিকে ভ্রাম্যমাণ প্রতিনিধি জানান, ঝিনাইদহের কালীগঞ্জ হাসপাতালে বুধবার করোনার উপসর্গে রতন মুন্সি ( ৪৮) নামে একজন মারা গেছেন। তার বাড়ি কালীগঞ্জ উপজেলার ফয়লা গ্রামে। ঝিনাইদহের সিভিল সার্জন ডা. সেলিনা বেগম জানান, মঙ্গলবার জ্বর,সর্দি,কাশি ও শ্বাসকষ্ট নিয়ে তিনি কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। বুধবার সকালে তিনি মারা যান। এদিকে বুধবার জেলায় ১৪ জন নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
