ভাতিজাকে খুনের পর ‘বন্দুকযুদ্ধে’ চাচার মৃত্যু

আপডেট : ০৮ জুলাই ২০২০, ২২:৪৭

চট্টগ্রামে পারিবারিক কলহের জেরে ভাইয়ের ছেলেকে খুনের পর পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আহত হয়ে চাচার মৃত্যু হয়েছে। মঙ্গলবার গভীর রাতে নগরীর ডবলমুরিং থানার ঝর্ণাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জসিমউদ্দিন রাজু নগরীর হাজীপাড়া এলাকার মৃত মনির আহমেদের ছেলে। ঘটনাস্থল থেকে দেশীয় তৈরি একটি এলজি, পাঁচ রাউন্ড কার্তুজ, খুনে ব্যবহূত একটি বিদেশি ছোরা এবং ৮৭৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, মঙ্গলবার সন্ধ্যায় মেহেরাবের মা নিলু আক্তারের সঙ্গে ঝগড়ার জেরে তার ছেলে মেহেরাবকে গলা কেটে খুন করে ভাসুর জসিমউদ্দিন রাজু। এই ঘটনায় নিলু আক্তার বাদী হয়ে ডবলমুরিং থানায় মামলা করেন। রাত তিনটার দিকে পশ্চিম ঝর্ণাপাড়া জোড় ঢেবারপাড় এলাকায় জসিম ও তার সহযোগীদের উপস্থিতির কথা জানতে পেরে অভিযানে যায় পুলিশ। এসময় জসিম ও তার সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলিবর্ষণ করলে পুলিশও আত্মরক্ষার্থে পালটা গুলি চালায়। এ সময় নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (পশ্চিম) এ এ এম হুমায়ুন কবির, ডবলমুরিং থানার ওসি সদীপ কুমার দাশ, পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ জহির হোসেন এবং দুই উপ-পরিদর্শক (এসআই) অর্ণব বড়ুয়া ও মুহাম্মদ হেলালউদ্দিন আহত হয়েছেন। পরে ঘটনাস্থল থেকে আহত জসিমকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে ভোরে চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। জসিম একজন পেশাদার ছিনতাইকারী ও মাদক বিক্রেতা। তার বিরুদ্ধে পুলিশ সদস্য খুন এবং ছিনতাইসহ বিভিন্ন অভিযোগে ১৩টি মামলা আছে।

পাবনায় ‘বন্দুকযুদ্ধে’ নিহত এক

পাবনা প্রতিনিধি জানান, পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ তানজিল শেখ (৩৫) নামে এক সন্ত্রাসী নিহত হয়েছেন বলে দাবি করেছে পুলিশ। গতকাল বুধবার সদর উপজেলার শিবরামপুর স্লুইসগেট এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে একটি পিস্তল ও একটি রিভলবার উদ্ধার করা হয়েছে। এ সময় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। তানজিল পাবনা পৌর এলাকার রামচন্দ্রপুর মহল্লার বাবু শেখের ছেলে।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিম আহমেদ জানান, শিবরামপুর স্লুইসগেট এলাকায় সশস্ত্র সন্ত্রাসীরা অবস্থান করছে জানতে পেরে পুলিশ অভিযান চালায়। এ সময় সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়লে পুলিশও পালটা গুলি চালালে গুলিবিদ্ধ হয় তানজিল। পরে তানজিলকে উদ্ধার করে পাবনা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। তার বিরুদ্ধে বিস্ফোরকসহ পাঁচটি মামলা রয়েছে।