দেশে করোনা ভাইরাসের এক দিনের পরিসংখ্যানে মৃত্যুর সংখ্যা কমেছে, বেড়েছে নমুনা সংগ্রহ ও রোগী শনাক্ত। গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৪৬ জন মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২ হাজার ১৯৭ জন। মঙ্গলবারের চেয়ে গতকাল ৯ জন কম মারা গেছেন। মঙ্গলবার ৫৫ জন মারা যান। করোনা শনাক্তের বিবেচনায় গতকাল মৃত্যুর হার ১ দশমিক ২৮ শতাংশ।
গতকাল বুধবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনা ভাইরাস-সংক্রান্ত নিয়মিত অনলাইন হেলথ বুলেটিনে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান। গত ২৪ ঘণ্টায় ১৫ হাজার ৬৭২ জনের নমুনা পরীক্ষায় ৩ হাজার ৪৮৯ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত করা হয়েছে। মঙ্গলবারের চেয়ে গতকাল ৪৬২ জন বেশি শনাক্ত হয়েছে। দেশে এ পর্যন্ত মোট ৮ লাখ ৮৯ হাজার ১৫২ জনের নমুনা পরীক্ষায় ১ লাখ ৭২ হাজার ১৩৪ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। মোট পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১৯ দশমিক ৩৬ শতাংশ। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ২২ দশমিক ২৬ শতাংশ।
এদিকে দেশে করোনা শনাক্তের ১২৩তম দিনে এই ভাইরাস থেকে এ পর্যন্ত ৮০ হাজারের বেশি মানুষ সুস্থ হয়েছেন। গত ২৪ ঘণ্টায় হাসপাতাল ও বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ২ হাজার ৭৩৬ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৮০ হাজার ৮৩৮ জন। ডা. নাসিমা সুলতানা জানান, গতকাল শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৪৬ দশমিক ৯৬ শতাংশ। তিনি আরো জানান, ‘করোনা ভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৫ হাজার ৮৮৩ জনের। আগের দিন সংগ্রহ করা হয়েছিল ১৩ হাজার ৪৯১ জনের। মঙ্গলবারের চেয়ে গতকাল ২ হাজার ৩৯২টি নমুনা বেশি সংগ্রহ করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশের ৭৫টি পরীক্ষাগারে নমুনা পরীক্ষা হয়েছে ১৫ হাজার ৬৭২ জনের। আগের দিন নমুনা পরীক্ষা হয়েছিল ১৩ হাজার ১৭৩ জনের। গত ২৪ ঘণ্টায় আগের দিনের চেয়ে ২ হাজার ৪৯৯টি বেশি নমুনা পরীক্ষা করা হয়েছে।
ডা. নাসিমা সুলতানা বলেন, গত এক দিনে যারা মারা গেছেন, তাদের মধ্যে ৩৮ জন পুরুষ এবং আট জন নারী। হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় ৩৮ জনের এবং বাড়িতে থাকা অবস্থায় আট জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ১২ জন ঢাকা বিভাগের, ১৪ জন চট্টগ্রাম, তিন জন রাজশাহী, চার জন সিলেট, ৯ জন খুলনা, এক জন রংপুর এবং তিন জন বরিশাল বিভাগের। এই ৪৬ জনের মধ্যে এক জনের বয়স ছিল ৯০ বছরের বেশি। এছাড়া তিন জনের বয়স ৮১ থেকে ৯০ বছরের মধ্যে, ছয় জনের বয়স ৭১ থেকে ৮০ বছরের মধ্যে, ১৬ জনের বয়স ৬১ থেকে ৭০ বছরের মধ্যে, ১৫ জনের বয়স ৫১ থেকে ৬০ বছরের মধ্যে, এক জনের বয়স ৪১ থেকে ৫০ বছরের মধ্যে, দুই জনের বয়স ৩১ থেকে ৪০ বছরের মধ্যে, দুই জনের বয়স ২১ থেকে ৩০ বছরের মধ্যে ছিল। বুলেটিনে জানানো হয়, আইসিডিডিআরবি মলিক্যুয়াল ডায়াগনস্টিক ল্যাবরেটরিতে কোভিড-১৯-এর নমুনা পরীক্ষা শুরু করেছে। এ নিয়ে দেশে ৭৫টি পরীক্ষাগারে কোভিড-১৯-এর নমুনা পরীক্ষা করা হচ্ছে।
